সিলেট-৬ আসনে চতুর্মুখী লড়াই: শেষ হাসি কার?
সোমবার, ২৫ মে ২০২৬, ০৫:১২ AM

প্রার্থীদের প্রচারণায় সরব গোলাপগঞ্জ-বিয়ানীবাজার

সিলেট-৬ আসনে চতুর্মুখী লড়াই: শেষ হাসি কার?

মো. বদরুল আলম, গোলাপগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৬/১১/২০২৫ ১০:২৯:১০ PM

সিলেট-৬ আসনে চতুর্মুখী লড়াই: শেষ হাসি কার?

ছবি:সংগৃহীত


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে শুরু হয়েছে ব্যাপক আলোচনা, জল্পনা-কল্পনা ও প্রস্তুতি। দুই উপজেলার জনপদ এখন সরব নির্বাচনী আলাপে-চায়ের দোকান, হাট-বাজার, মসজিদ কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে-কাকে চায় জনগণ?

এই আসনে চার দলের প্রার্থীরা ইতোমধ্যেই মাঠে নেমেছেন। তারা হলেন বিএনপি, জামায়াতে ইসলামী, গণ-অধিকার পরিষদ ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মনোনীত প্রার্থী। প্রত্যেকেই নিজস্ব রাজনৈতিক আদর্শ, জনপ্রিয়তা ও সাংগঠনিক শক্তি নিয়ে ভোটারদের মন জয় করার প্রতিযোগিতায় ব্যস্ত।

বিএনপি প্রার্থী: অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী

গোলাপগঞ্জের সন্তান অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বিএনপির মনোনয়ন পেয়েছেন। দীর্ঘদিন ধরে তিনি দলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে তৃণমূল পর্যায়ে সক্রিয় ভূমিকা পালন করছেন। সহজ-সরল স্বভাব, সংগঠনিক দক্ষতা ও দলের প্রতি অবিচল আনুগত্যের কারণে কর্মী-সমর্থকদের মধ্যে তার গ্রহণযোগ্যতা ব্যাপক।
মনোনয়ন পাওয়ার পর থেকেই তিনি দুই উপজেলার বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ, পথসভা ও মতবিনিময় সভা চালিয়ে যাচ্ছেন। তার অঙ্গীকার-গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের অবহেলিত মানুষদের অধিকার ফিরিয়ে দেওয়া এবং এলাকাকে উন্নয়নের মূলধারায় আনা।

জামায়াত প্রার্থী: মোহাম্মদ সেলিম উদ্দিন

বিয়ানীবাজারের পরিচিত রাজনৈতিক মুখ মোহাম্মদ সেলিম উদ্দিন জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী। দলীয় রাজনীতির পাশাপাশি তিনি সমাজসেবা ও শিক্ষাক্ষেত্রেও সক্রিয়। তার নেতৃত্বে এলাকার বেশ কিছু ইসলামী শিক্ষাপ্রতিষ্ঠান বিকাশ লাভ করেছে।
স্থানীয় বিশ্লেষকরা মনে করছেন, জামায়াতের সংগঠিত ভোটব্যাংক ও ধর্মপ্রাণ ভোটারদের আস্থা তার পক্ষে বড় শক্তি হতে পারে।

গণ-অধিকার পরিষদ প্রার্থী: অ্যাডভোকেট জাহিদুর রহমান

তরুণ প্রজন্মের কণ্ঠস্বর হিসেবে আলোচনায় রয়েছেন গণ-অধিকার পরিষদের প্রার্থী অ্যাডভোকেট জাহিদুর রহমান। তার রাজনীতি গণমানুষের অধিকার ও পরিবর্তনের রাজনীতি ভিত্তিক। তরুণ ভোটারদের কাছে তিনি ইতোমধ্যে পরিচিত মুখ হয়ে উঠেছেন।
তার ভাষায়, ‘আমরা দলীয় রাজনীতি নয়, জনগণের রাজনীতি করতে চাই। দেশের রাজনীতিতে নতুন দৃষ্টান্ত স্থাপন করতে চাই।’

জমিয়ত প্রার্থী: হাফিজ ফখরুল ইসলাম

ধর্মীয় চিন্তাধারার ধারক ও ইসলামী সংগঠনের নিবেদিতপ্রাণ কর্মী হাফিজ ফখরুল ইসলাম জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের প্রার্থী হিসেবে মাঠে সরব। তিনি ধর্মপ্রাণ ভোটারদের সমর্থন পেতে মসজিদ-মাদরাসা, ধর্মীয় ও সামাজিক সংগঠনের সঙ্গে নিবিড় যোগাযোগ বজায় রাখছেন।

ভোটের সমীকরণে অনিশ্চয়তা

চার প্রার্থীই মাঠে সক্রিয় থাকলেও ভোটারদের মনোভাব এখনো পরিষ্কার নয়। কেউ মনে করেন বিএনপির এমরান আহমদ এগিয়ে, আবার কেউ জামায়াতের সেলিম উদ্দিনকে দেখছেন শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে। তরুণ ভোটারদের মধ্যে জাহিদুর রহমানের গ্রহণযোগ্যতা বাড়ছে, আর ধর্মীয় ভোটারদের একটি অংশ ফখরুল ইসলামের দিকে ঝুঁকতে পারেন বলেও ধারণা রাজনৈতিক মহলে।

বিশ্লেষকরা বলছেন, গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের এই আসনে ব্যক্তিগত ভাবমূর্তি, সংগঠনিক শক্তি ও এলাকার উন্নয়ন পরিকল্পনাই নির্ধারণ করবে শেষ হাসি কার মুখে ফোটে।

সব মিলিয়ে সিলেট-৬ আসনে এখন নির্বাচনী উত্তেজনা তুঙ্গে, প্রার্থীরা মাঠে ব্যস্ত ভোটারদের মন জয় করতে-আর ভোটাররা অপেক্ষা করছেন এক ঐতিহাসিক নির্বাচনী রায়ের।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ