ছবি:সংগৃহীত
নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (এনইইউবি)-এর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের উদ্যোগে শুক্রবার থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘এনইইউবি আইসিটি ফেস্ট ২০২৫’। আগামী ৭ থেকে ৯ নভেম্বর পর্যন্ত সিলেটের শেখঘাট ক্যাম্পাসে এই বর্ণাঢ্য প্রযুক্তি উৎসব অনুষ্ঠিত হবে।
বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এ উৎসবকে ঘিরে ক্যাম্পাসে ইতোমধ্যেই উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। তথ্যপ্রযুক্তিনির্ভর নতুন প্রজন্ম গড়ে তোলার লক্ষ্য নিয়ে আয়োজিত ফেস্টে থাকবে ছয়টি প্রতিযোগিতা-হ্যাকাথন, প্রোগ্রামিং কনটেস্ট, ম্যাথ অলিম্পিয়াড, আইসিটি কুইজ, ৩-মিনিট প্রেজেন্টেশন এবং গেমিং কনটেস্ট।
ফেস্টের মোট পুরস্কারমূল্য এক লক্ষ টাকারও বেশি। প্রতিটি ইভেন্টের চ্যাম্পিয়ন, রানারআপ ও দ্বিতীয় রানারআপ দলকে আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হবে। এতে সিলেটের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে প্রায় চারশ শিক্ষার্থী অংশগ্রহণ করবে।
প্রতিযোগিতার আহ্বায়ক ও সিএসই বিভাগের প্রধান ড. আরিফ আহমদ বলেন, ‘এই ফেস্টের মাধ্যমে সিলেট অঞ্চলের শিক্ষার্থীরা তাদের প্রতিভা ও দক্ষতা প্রদর্শনের সুযোগ পাচ্ছে। এটি তরুণদের আইসিটি খাতে আগ্রহী করবে এবং দেশের প্রযুক্তিখাতে নতুন উদ্ভাবনের পথ খুলে দেবে।’
উৎসবের উদ্বোধন করবেন নর্থ ইস্ট ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইকবাল। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন দেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় ও আইটি খাতের বিশিষ্ট ব্যক্তিবর্গ।
বর্ণাঢ্য ও শিক্ষামূলক এই আয়োজনের আর্থিক সহযোগিতা করছে পুবালী ব্যাংক পিএলসি ও নর্থ ইস্ট হাসপাতাল, সিলেট। এছাড়া ইভেন্টের বিভিন্ন সেগমেন্টে সহায়তা করছে একাধিক দেশীয় প্রযুক্তি প্রতিষ্ঠান।
এদিকে, বৃহস্পতিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের এডমিশন অফিসে অনুষ্ঠিত হয় এনইইউবি স্পোর্টস ক্লাব আয়োজিত অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান। উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ইকবাল বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্রাস্টি বোর্ডের সেক্রেটারি ও পরীক্ষা নিয়ন্ত্রক মো. লিয়াকত আলী শাহ ফরিদী, প্রক্টর ও ইংরেজি বিভাগের প্রধান মোহাম্মদ শামসুল কবির, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার নূর জাহান কাকলী এবং স্পোর্টস ক্লাবের প্রেসিডেন্ট তানভির আহমেদ চৌধুরী প্রমুখ।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




