ছবি: জৈন্তা বার্তা
রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি:
গণভোটের নামে জাতীয় নির্বাচন বিলম্বিত করার ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন সুনামগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ। তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষ এই ষড়যন্ত্রে পা দেবে না।’
শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত র্যালি-পরবর্তী পথসভায় যোগ দিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।
কয়ছর এম আহমেদ আরও বলেন, ‘বাংলাদেশের মানুষ জাতীয় নির্বাচনের অপেক্ষায় আছে। বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে এবং আসনভিত্তিক প্রার্থী ঘোষণা করছে। যারা গণভোটের নামে নির্বাচন বানচালের পাঁয়তারা করছে, তারা বাংলাদেশের ও গণতন্ত্রের শত্রু। দেশের মানুষ তাদের এই ষড়যন্ত্র কোনোভাবেই প্রশ্রয় দেবে না। জনগণ চায় তাদের ভোটাধিকার, চায় জাতীয় নির্বাচন।’
এর আগে, জগন্নাথপুর উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। এতে উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী অংশগ্রহণ করেন।
পথসভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক আবু হোরায়রা ছাদ মাস্টার। উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এডভোকেট জিয়াউর রহিম শাহিনসহ আরও অনেকে।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




