ছবি:সংগৃহীত
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে সিলেট জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় নগরীর কোর্ট পয়েন্ট থেকে শুরু হওয়া র্যালিটি শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
র্যালিপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেন,‘ ১৯৭৫ সালের এই দিনে নিদারুণ দুঃসময়ে দেশপ্রেমিক জনগণের পাশে দাঁড়িয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। স্বাধীনতার ঘোষণার মাধ্যমে তিনি মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়ে দেশকে স্বাধীন করেছিলেন। জিয়ার বাংলাদেশ কখনও পরাধীন হবে না; দেশের পক্ষবর্তী শক্তির সঙ্গে সম্মানের সঙ্গে চোখে চোখ রেখে কথা বলবে।’
প্রধান বক্তার বক্তব্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী বলেন,‘ ৭ নভেম্বরের চেতনা আমাদের আহ্বান জানায়-সকল জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতা, সার্বভৌমত্ব, ন্যায়বিচার ও সুশাসনের ভিত্তিতে শক্তিশালী গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে হবে।’
সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী সভাপতির বক্তব্যে বলেন,‘ আঙুল বাকা করার ভয় দেখানো হচ্ছে-আমি স্পষ্টভাবে বলতে চাই, আমরা সেই ভয় ভেঙে দেব। অতীতে এমন বহু ভয় দেখানো হয়েছিল, কিন্তু বিএনপি কখনও পিছু হটেনি। আগামী জাতীয় নির্বাচনে সিলেট জেলার ছয়টি আসনসহ বিভাগের ১৯টি আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে বিজয়ের উপহার দেব, ইনশাআল্লাহ।’
তিনি আরও বলেন,‘৭ নভেম্বর একদলীয় স্বৈরশাসনের অবসান ঘটিয়ে বহুদলীয় গণতন্ত্র, জাতীয় ঐক্য ও রাজনৈতিক স্থিতিশীলতার ভিত্তি গঠন করেছিল। আজও সেই বিপ্লবের চেতনা আমাদের স্বৈরাচার, ফ্যাসিবাদ ও জাতীয় ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের প্রেরণা যোগায়।’
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম. এ. মালেক এবং কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী। তারা বলেন,
‘সিপাহী ও জনতার ঐক্য, দেশপ্রেম এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শই বাংলাদেশের স্বাধীনতা, ঐক্য ও সমৃদ্ধির স্থায়ী ভিত্তি গড়ে দিয়েছে।’
র্যালি ও সমাবেশে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী সঞ্চালনা করেন। বক্তৃতা দেন জেলা ও মহানগর বিএনপির বিভিন্ন কর্মকর্তা ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ও মহানগর বিএনপির সহ-সভাপতি, যুগ্ম সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, থানা আহ্বায়ক এবং যুবদল, ছাত্রদল, শ্রমিকদলসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী।
এছাড়া দিবসটি উপলক্ষে জেলা ও মহানগর বিএনপির আওতাধীন সকল থানা, ওয়ার্ড, উপজেলা ও পৌর ইউনিটেও পৃথকভাবে র্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দলের অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহ নিজেদের উদ্যোগে নানা কর্মসূচি পালন করে।
দিবসটি উদযাপনে অংশগ্রহণকারীরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ এবং ৭ নভেম্বরের চেতনার ওপর ভিত্তি করে দেশকে স্বাধীন, সার্বভৌম ও গণতান্ত্রিক রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




