ছবি:সংগৃহীত
সিলেট-৪ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী তার নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। তিনি বলেন, ‘এই আসনের প্রতিটি অলিগলি আমার জানা, স্থানীয় সমস্যাগুলো সম্পর্কেও আমি সম্পূর্ণ অবগত। নির্বাচিত হলে এবং বিএনপি ক্ষমতায় গেলে প্রথম এক বছরের মধ্যে এসব সমস্যা সমাধান করে উন্নয়নের জোয়ারে এই এলাকায় ভাসিয়ে দেব।’
শুক্রবার প্রচারণার প্রথম দিনে তিনি রাধানগর বাজার কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন এবং এই আসনের সাবেক সংসদ সদস্য ও বর্ষীয়ান বিএনপি নেতা দিলদার হোসেন সেলিমের কবর জিয়ারত করেন। পরে রাধানগর বাজারে গণসংযোগে অংশ নেন, যেখানে গোয়াইনঘাট উপজেলার বিএনপি, অঙ্গসংগঠন ও স্থানীয় নেতাকর্মীরা ব্যাপক সমাগম গড়ে তোলেন।
সংক্ষিপ্ত সভায় তিনি বলেন, ‘এ আসনে আসন্ন নির্বাচনে কয়েকজন প্রার্থী ধানের শীষের প্রচারণা চালাচ্ছেন। তারা সবাই যোগ্য নেতা ও বিএনপির ত্যাগী। তাদের সম্মান নিশ্চিত করা হবে। আমি সকল নেতাকে সঙ্গে নিয়ে ধানের শীষকে বিজয়ী করে চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতে উপহার দিতে চাই।’
তিনি আরও বলেন, ‘দেশজুড়ে আসন্ন নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে এবং বিএনপির ভেতরে বিভাজন সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। এখনই সবাইকে সতর্ক হয়ে প্রচারণার ময়দানে নামতে হবে।’
প্রার্থী ভোটারদের উদ্দেশে আহ্বান জানিয়ে বলেন, ‘সকল ষড়যন্ত্র মোকাবিলা করে জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জের ভোটারদের সমর্থন নিয়ে ধানের শীষকে বিজয়ী করতে হবে।’
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




