ছবি:সংগৃহীত
সিলেটের বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের চার নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)। শুক্রবার রাতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিলের পর এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন-সিলেট মহানগর ৭নং ওয়ার্ড ছাত্রলীগের সদস্য মো. ওমর ফারুক (২৪), মহানগর ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবু সুফিয়ান (৪০), ২৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি জয়নাল আহমেদ (৫২) এবং ৮নং ওয়ার্ড যুবলীগের সদস্য আব্দুর রশিদ (৩৯)।
পুলিশ জানায়, শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে নগরের মির্জাজাঙ্গাল এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ব্যানারে একদল কর্মী ঝটিকা মিছিল বের করে। তারা সরকারবিরোধী স্লোগান দেয় এবং মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ঘটনাটির পর কোতোয়ালী মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা (নং-১৭) দায়ের করা হয়।
এরপরই এসএমপি অভিযান শুরু করে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সুবিদবাজার এলাকায় অভিযান চালিয়ে ছাত্রলীগ কর্মী ওমর ফারুককে গ্রেপ্তার করা হয়।
এছাড়া দক্ষিণ সুরমার গোটাটিকর এলাকায় ২৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি জয়নাল আহমেদকে মোগলাবাজার থানা পুলিশ গ্রেপ্তার করে। তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলার সন্দিগ্ধ আসামি ছিলেন।
অন্যদিকে বিস্ফোরক আইনে দায়েরকৃত মামলার আসামি আবু সুফিয়ানকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। পুলিশ জানায়, তিনি বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন।
শনিবার (৮ নভেম্বর) সকালে নগরের পানিটুলা এলাকা থেকে ৮নং ওয়ার্ড যুবলীগের সদস্য আব্দুর রশিদকে গ্রেপ্তার করা হয়। তিনিও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলার সন্দিগ্ধ আসামি বলে জানিয়েছে পুলিশ।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘গ্রেপ্তার চারজনকে শনিবার আদালতে সোপর্দ করা হয়েছে।’
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




