নির্বাচনের দিন গণভোট চায় বিএনপি, সিলেটে সেলিমা রহমান
সোমবার, ২৫ মে ২০২৬, ০৪:২১ AM

নির্বাচনের দিন গণভোট চায় বিএনপি, সিলেটে সেলিমা রহমান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৮/১১/২০২৫ ০৭:৪১:০৯ PM

নির্বাচনের দিন গণভোট চায় বিএনপি, সিলেটে সেলিমা রহমান

ছবি:সংগৃহীত


বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেছেন, ‘নোট অব ডিসেন্টসহ বিএনপি জুলাই সনদে স্বাক্ষর করেছে। কিন্তু জাতীয় ঐক্যমত্য কমিশন নোট অব ডিসেন্ট বাদ দিয়ে জাতির সঙ্গে নতুন খেলা খেলেছে। বিএনপি চায়-জাতীয় নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠিত হোক।’

শনিবার (৮ নভেম্বর) দুপুরে সিলেট নগরীর একটি কনভেনশন হলে বিএনপির সহযোগী সংগঠন নারী ও শিশু অধিকার ফোরাম আয়োজিত ‘সমাজে নারী ও শিশুর অধিকার প্রতিষ্ঠা’ শীর্ষক আলোচনা সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

সেলিমা রহমান বলেন, ‘বিএনপি একটি নির্বাচনমুখী দল। কিন্তু গণভোট-পিআর নিয়ে কিছু মহল ইচ্ছাকৃতভাবে অস্থিরতা সৃষ্টি করতে চাইছে। এসব ইস্যুতে নির্বাচনের আগে কিছু ছোটখাটো ঝামেলা হতে পারে, তবে নির্বাচন হবে-এ বিষয়ে বিএনপি এখনো কোনো শঙ্কা দেখছে না।’

গুম কমিশনের কার্যক্রম নিয়ে অসন্তোষ প্রকাশ করে তিনি আরও বলেন, ‘যাদের পরিবার গুমের শিকার হয়েছে তারাই বলেছেন, গুম কমিশন থেকে তারা আশানুরূপ কোনো সহযোগিতা পাননি। কমিশনের কাজ কার্যকর হচ্ছে না।’

ঐক্যমত প্রক্রিয়া নিয়ে তিনি বলেন, ‘যারা ঐক্যমতের নামে বসেছেন, তারা জনগণের প্রকৃত প্রতিনিধি নন। সংবিধান ও গণতন্ত্র সম্পর্কে তাদের জ্ঞান সীমিত। সরকারের উদ্দেশ্য আন্তরিক নয়-বরং এটি পুরো জাতির সঙ্গে এক প্রকার প্রহসন।’

আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে সেলিমা রহমান বলেন, ‘বিএনপি প্রার্থী চূড়ান্ত করার কাজ করছে। কিছু আসন এখনো খালি রয়েছে, সেগুলো চূড়ান্ত না হওয়া পর্যন্ত আমরা কোনো সিদ্ধান্ত জানাচ্ছি না।’

সভায় সভাপতিত্ব করেন বিএনপির নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য সচিব অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক জি কে গউস, সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন মিলন, মিফতাহ সিদ্দিকী, জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী, অ্যাডভোকেট হাদিয়া চৌধুরী মুন্নী, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট আব্দুল হক, এবং নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য নইমা খন্দকার।

এছাড়া সভায় বক্তব্য দেন মুসলিমা আক্তার চৌধুরী, সুফিয়া আক্তার হেলেন, খোদেজা রহিম কলি, স্বপ্না বেগম, সুফিয়া সোলেমান কলি, নাসিমা আক্তার খান, নুরুন্নাহার, মদিনা আক্তার, হেলেনা চৌধুরী, রেহানা বেগম, মনোয়ারা বেগম, দিবা রানী দে বাবলী, শাহেনা আক্তার, সৈয়দা লাভলি সুলতানা ও নাদিরা বেগম প্রমুখ।

অনুষ্ঠানে সিলেট জেলা ও মহানগরসহ সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার বর্তমান ও সাবেক নারী জনপ্রতিনিধিরাও অংশ নেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ