এমরান চৌধুরীর আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু, অন্যদিকে ফয়সল আহমদ চৌধুরীর মনোনয়ন পুনর্বিবেচনার দাবি
সোমবার, ২৫ মে ২০২৬, ০৩:১৪ AM

সিলেটে-৬ বিয়ানীবাজার- গোলাপগঞ্জ আসন

এমরান চৌধুরীর আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু, অন্যদিকে ফয়সল আহমদ চৌধুরীর মনোনয়ন পুনর্বিবেচনার দাবি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১০/১১/২০২৫ ১২:০৮:৫০ AM

এমরান চৌধুরীর আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু, অন্যদিকে ফয়সল আহমদ চৌধুরীর মনোনয়ন পুনর্বিবেচনার দাবি

ছবি:সংগৃহীত


সিলেট-৬ (বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী জেলা সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। একই সঙ্গে বিয়ানীবাজারের তৃণমূল নেতাকর্মীরা দলের হাইকম্যান্ডের প্রতি অনুরোধ জানিয়ে প্রার্থীর পুনর্মূল্যায়ন ও ফয়সল আহমদ চৌধুরীর মনোনয়ন নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

রবিবার (৯ নভেম্বর) বাদ যোহর হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারতের মধ্য দিয়ে সিলেট-৬ আসনে বিএনপির প্রার্থী এমরান আহমদ চৌধুরী আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেন। তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ হাইকম্যান্ডের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, বিয়ানীবাজার ও গোলাপগঞ্জের মানুষের সেবা করার সুযোগ দেয়ায় আমি ধন্য। আগামী নির্বাচনে বিএনপির প্রতীক ধানের শীষে ভোট দিয়ে সিলেটের উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

এসময় তিনি মরহুম এম সাইফুর রহমান, এম ইলিয়াস আলী এবং শহীদ নেতাদের স্মরণ করেন। এমরান চৌধুরী বলেন, ‘আমরা দেশের সামগ্রিক উন্নয়নে ভূমিকা রেখেছি এবং আগামীতেও জনগণের সেবা করতে প্রস্তুত। সব ধরণের প্রতিকূলতা মোকাবিলা করেই জনগণের চাহিদা অনুযায়ী কাজ চালিয়ে যাব।’

প্রচারণার সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এডভোকেট আশিক উদ্দিন আশু, সহ-সভাপতি নাজিম উদ্দিন লস্কর, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, জেলা ছাত্রদল ও যুবদলের নেতৃবৃন্দসহ শতাধিক স্থানীয় নেতা-কর্মী।

এর আগে শনিবার (৮ নভেম্বর) ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিয়ানীবাজার উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত আলোচনা সভায় তৃণমূল নেতৃবৃন্দ দলের হাইকম্যান্ডের প্রতি অনুরোধ জানান, ফয়সল আহমদ চৌধুরীর মনোনয়ন পুনর্বিবেচনা করা হোক। সভায় নেতৃবৃন্দ বলেন, ‘ফয়সল আহমদ চৌধুরী বিয়ানীবাজার-গোলাপগঞ্জের মানুষের ভালোবাসা এবং ভোটের শক্তিশালী ভিত্তি সম্পন্ন নেতা। তাঁর বিকল্প এই আসনে নেই।’

বীরদর্পে নির্বাচনী প্রচারণা চালানো, দলীয় নেতা-কর্মীদের জন্য সহায়তা করা এবং কঠিন সময়ে পাশে থাকার জন্য ফয়সল আহমদ চৌধুরীর প্রতি নেতাকর্মীরা শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা কেন্দ্রীয় নেতাদের প্রতি আহ্বান জানান, জননেতার সাফল্য ও স্থানীয় সমর্থন বিবেচনা করে মনোনয়ন নিশ্চিত করতে।

বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছরওয়ার হোসেন বলেন, ‘২০১৮ সালের নির্বাচনে ফয়সল আহমদ চৌধুরী বিপুল ভোটে জয়ী হয়েছেন এবং দলের জন্য গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। আমাদের আশা, কেন্দ্রীয় নেতারা এই বাস্তবতা বিবেচনা করবেন।’


জৈন্তা বার্তা/ ওয়াদুদ