সিলেটের দক্ষিণ সুরমা থানার লালাবাজার এলাকায় অভিযান চালিয়ে এক তরুণীকে আটক করেছে র্যাব-৯। র্যাব বলছে, তার কাছ থেকে বিপুল পরিমাণ গাঁজা জব্দ করা হয়েছে।
র্যাব জানায়, সদর কোম্পানির একটি আভিযানিক দল শনিবার (৯ নভেম্বর) বিকেলে দক্ষিণ সুরমা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানের সময় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, হবিগঞ্জ সদর এলাকা থেকে এক তরুণী হবিগঞ্জ-সিলেট বিরতিহীন এক্সপ্রেস বাসযোগে সিলেটের উদ্দেশ্যে মাদকদ্রব্য নিয়ে আসছেন।
পরে লালাবাজার এলাকায় চেকপোস্ট স্থাপন করে বাসটি থামানো হলে র্যাবের উপস্থিতি টের পেয়ে ওই তরুণী পালানোর চেষ্টা করেন। র্যাব তাকে আটক করে তল্লাশি চালালে একটি কফি রঙের ট্রলি ব্যাগের ভেতর স্কচটেপ মোড়ানো ২০ কেজি গাঁজা পাওয়া যায়।
আটক তরুণী হবিগঞ্জ সদর উপজেলার ধুলিয়াখাল এলাকার নানু মিয়ার মেয়ে রিয়া আক্তার (২০)। র্যাবের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে বিক্রির কথা স্বীকার করেছেন।
আটক তরুণীকে উদ্ধার করা মাদকদ্রব্যসহ দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার (অতিরিক্ত পুলিশ সুপার) কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, র্যাবের মাদকবিরোধী অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।
জৈন্তা বার্তা/আরআর




