জা*মিন পেলেন সিলেটের সিপিবি নেতা সুমন
সোমবার, ২৫ মে ২০২৬, ০৩:১৪ AM

জা*মিন পেলেন সিলেটের সিপিবি নেতা সুমন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০/১১/২০২৫ ০৩:০২:০৭ PM

জা*মিন পেলেন সিলেটের সিপিবি নেতা সুমন


ব্যাটারিচালিত রিকশা শ্রমিকদের আন্দোলনে সম্পৃক্ততার কারণে গ্রেপ্তার হওয়া বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার হোসেন সুমনকে আরও একটি মামলায় জামিন দিয়েছেন আদালত। ফলে তার বিরুদ্ধে হওয়া ৪টি মামলায় জামিন পেলেন সুমন।

সোমবার (১০ নভেম্বর) সিলেটের অতিরিক্ত মূখ্য মহানগর হাকিম সিলেটের বিচারক হারুন অর রশীদ সর্বশেষ মামলায় সুমনকে জামিন দেন।

মামলায় বিবাদী পক্ষের আইনজীবী মোহাম্মদ মনির উদ্দিন বলেন, চারটি মামলাতেই জামিন পাওয়ায় সুমনের মুক্তি পেতে আর কোনো বাধা নেই।

গত ৩১ অক্টোবর মধ্যরাতে নগরীর মদিনা মার্কেটস্থ কালীবাড়ি এলাকার নিজ বাসা থেকে অ্যাডভোকেটে আনোয়ার হোসেন সুমনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে সিলেট সিটি করপোরেশনের ফটক ভাঙচুর ও সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুরের পুরনো দুটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এরপর আরও দুটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

এর আগে গত ২৮ অক্টোবর নগরীর চৌহাট্টা-জিন্দাবাজার সড়ক অবরোধ করে আন্দোলন করেন ব্যাটারিচালিত অটোরিকশার চালকেরা। এতে আনোয়ার হোসেন সুমনসহ কয়েকজন রাজনীতিক অংশ নেন। ওইদিন বেলা সাড়ে ১১টার দিকে চৌহাট্টা এলাকার পার্শ্ববর্তী সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে সিলেট জেলা রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের উদ্যোগে একই দাবিতে শ্রমিক সমাবেশ হয়। বিক্ষোভের এক পর্যায়ে আনোয়ার হোসেনসহ আন্দোলনকারীদের একটি প্রতিনিধিদল মহানগর পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেন। এরপর ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারসহ ১১ দফা দাবি জনিয়ে ২ নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়ে আন্দোলন স্থগিত করেন শ্রমিকেরা। ওই বেঁধে দেওয়া সময়সীমা শেষ হওয়ার একদিন আগে মধ্যরাতে আনোয়ার হোসেনকে পুলিশ গ্রেপ্তার করে।

জৈন্তা বার্তা/আরআর