সিলেট মহানগর পুলিশের (এসএমপি) জালালাবাদ থানার অভিযানে ৯০০ কেজি ভারতীয় পেঁয়াজসহ দুটি রেজিস্ট্রেশনবিহীন সিএনজিচালিত অটোরিকশা ও চারজনকে আটক করা হয়েছে।
বুধবার দুপুরে এসএমপি জানিয়েছে, মঙ্গলবার বিকেলে শিবেরবাজার এলাকায় এই অভিযান পরিচালনা করে পুলিশ।
আটককৃতরা হলেন- মো. কুতুব উদ্দিন (৫০), মোহাম্মদ আলী (৪০), ময়না মিয়া (৪০) ও নাছির উদ্দিন (৪০)।
পুলিশ জানায়, শিবেরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মুশফিকুর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ জালালাবাদ থানাধীন ২নং হাটখোলা ইউনিয়নের শিবেরবাজারে রাজারগাঁও উচ্চবিদ্যালয়ের সামনে অভিযান চালান। এ সময় তারা ৯০০ কেজি ভারতীয় পেঁয়াজ জব্দ করেন, যার বাজারমূল্য প্রায় ৮১ হাজার টাকা।
অভিযানকালে দুটি রেজিস্ট্রেশনবিহীন সবুজ রঙের সিএনজিচালিত অটোরিকশাও জব্দ করা হয়, যেগুলোর মূল্য প্রায় ৬ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।
এসএমপি'র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিসি উত্তর) ও মিডিয়া অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, অবৈধভাবে ভারতীয় পেঁয়াজ দেশে আনার চেষ্টা করছিলেন তারা। এ ঘটনায় জালালাবাদ থানায় সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। আটকদের আদালতে সোপর্দ করা হবে।
জৈন্তা বার্তা/আরআর




