ছবি:নিজস্ব
সিলেটের জৈন্তাপুর উপজেলায় বুদ্ধি প্রতিবন্ধী এক নারী (২০) কে ধর্ষণ চেষ্টায় একজনকে আটক করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ। আটক হওয়া ব্যাক্তির নাম ছবির আহমেদ সাব্বির (৫০)। সে উপজেলার আসামপাড়া আশ্রয়ণ প্রকল্প ( নয়াবস্তি) এলাকার মৃত আব্দুস সোবহানের পুত্র। এ ঘটনায় ভিকটিম ওই নারীর পিতা বাদী হয়ে মামলা দায়ের করেছে।
পুলিশ সূত্রে জানা জায়, গত মঙ্গলবার (১১ই নভেম্বর) রাত আনুমানিক ৮:২০ মিনিটে ভিকটিম ওই নারী তার পিতার বাড়ীর বারান্দায় বসা ছিলো। এ সময় তাদের প্রতিবেশী ছবির তাকে একা পেয়ে জোরপূর্বক মুখে চাপ দিয়ে ধরে বাড়ীর সন্নিকটে গোসলখানার নিকট নিয়ে যায়। এ সময় তার শরীলের স্পর্শকাতর স্হানে হাত দিয়ে তাকে বিবস্ত্র করার চেষ্টা করলে ভিকটিম ওই নারী চিৎকার দেয়। চিৎকার শুনে নারীর মা রান্না ঘর থেকে বেরিয়ে আসলে ছবিরকে পালিয়ে যেতে দেখে এবং চিনে ফেলে।
পরবর্তীতে আশপাশের লোকজন মিলে ছবিরকে আটক করে ওই নারীর পিতাকে খবর দেওয়া হয়।পরে ওই নারীর পিতা বাড়ীতে এসে তার স্ত্রী ও মেয়ের মুখে ঘটনার বিবরণ শুনে জৈন্তাপুর মডেল থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ এসে ছবিরকে আটক করে থানায় নিয়ে আসে।
বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান। তিনি বলেন উক্ত ঘটনায় ওই নারীর পিতা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছে। আটক সবিরকে বুধবার পুলিশ পাহারায় আদালতে সোপর্দ করা হয়েছে বলে তিনি নিশ্চিত করেছেন।
জৈন্তাবার্তা / সুলতানা




