ছবি:সংগৃহীত
ওসমানীনগর প্রতিনিধি ::
সিলেট-২ (বিশ্বনাথ–ওসমানীনগর) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নতুন আলোচনার জন্ম দিয়েছেন তরুণ সংগঠক ও সাবেক তালামীয নেতা চৌধুরী আলী আনহার শাহান।
বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ থেকে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন-এমন আলোচনা এখন রাজনৈতিক অঙ্গনে বেশ জোরেশোরে চলছে। ইতোমধ্যে দলটি মৌলভীবাজার-১, মৌলভীবাজার-২ ও সুনামগঞ্জ-৫ আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে। পাশাপাশি সিলেটের অন্যান্য আসনেও আল ইসলাহ নেতারা সক্রিয়ভাবে মাঠে প্রচারণা চালাচ্ছেন।
চৌধুরী আলী আনহার শাহান একসময় বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামীয়া বিশ্বনাথ উপজেলা শাখার আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি বিশ্বনাথ ইসলামী ছাত্র সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ও বিশ্বনাথ ঈদে মিলাদুন্নবী উদযাপন কমিটির সাধারণ সম্পাদক ছিলেন।
বিশ্বনাথ উপজেলার দেওকলস ইউনিয়নের সুখিপুর গ্রামের এই তরুণ সংগঠক ছাত্রজীবন থেকেই বিভিন্ন সামাজিক ও ক্রীড়া সংগঠনের সঙ্গে জড়িত। সংগঠক হিসেবে তাঁর দক্ষতা ও নেতৃত্বগুণ স্থানীয়ভাবে প্রশংসিত। বর্তমানে যুক্তরাজ্য প্রবাসী শাহান রাজনৈতিকভাবে ফুলতলী পীরের অনুসারী এবং বাংলাদেশ আনজুমানে আল ইসলাহের সক্রিয় সদস্য।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, আল ইসলাহ যদি এই আসনে প্রার্থী দেয়, তবে শাহান হতে পারেন দলের সবচেয়ে সম্ভাবনাময় মুখ। তরুণ ভোটারদের মধ্যেও তাঁর উল্লেখযোগ্য গ্রহণযোগ্যতা রয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে মুঠোফোনে যোগাযোগ করা হলে চৌধুরী আলী আনহার শাহান বলেন,‘আমার প্রার্থী হওয়া না হওয়া সম্পূর্ণ দলীয় সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।’
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




