ছবি:সংগৃহীত
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট-১ (নগর ও সদর) আসনের ধানের শীষের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন,‘সিলেটের রেলপথ, সড়ক ও আকাশপথের উন্নয়নসহ সব নাগরিক সমস্যা সমাধানে বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে সমন্বিত নগর পরিকল্পনার মাধ্যমে কাজ করবে। সিলেটবাসীর উন্নয়নের স্বার্থে সবাইকে নিয়ে একসঙ্গে এগিয়ে যেতে হবে।’
তিনি আরও বলেন, ‘সিলেটে বিশুদ্ধ পানির সংকট ও জলাবদ্ধতা এখন বড় সমস্যা। বিএনপি ক্ষমতায় এলে খাল ও নদী খননের মাধ্যমে পানির প্রবাহ স্বাভাবিক করা, বন্যা মোকাবিলা ও বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। পরিকল্পিত উন্নয়নের মধ্য দিয়ে একটি আধুনিক সিলেট গড়ে তোলা হবে।’
বুধবার (১২ নভেম্বর) সিলেট নগরীর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির সঙ্গে মতবিনিময় সভা, সুবিধাবাজার, আম্বরখানা ও মদিনা মার্কেটসহ বিভিন্ন এলাকায় গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।
খন্দকার মুক্তাদির বলেন,‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শুধু শহর নয়, গ্রামভিত্তিক উন্নয়নের মহাপরিকল্পনা নিয়েছেন। তিনি গ্রাম ও শহর উভয়কেই সমানভাবে গুরুত্ব দিচ্ছেন। কৃষকদের জীবনমান উন্নয়নে তিনি ইতিমধ্যে গবেষণা সেল গঠন করেছেন।’
মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি আমির হোসেন এর সভাপতিত্বে এবং এডহক কমিটির সদস্য সচিব এমদাদুল হক স্বপন এর পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় ব্যবসায়ীরা খন্দকার মুক্তাদিরকে ধানের শীষের বিজয়ের জন্য শুভেচ্ছা ও সমর্থন জানান।
পরে তিনি ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে নগরীর বিভিন্ন এলাকায় গণসংযোগে অংশ নেন।
এ সময় উপস্থিত ছিলেন - মহানগর বিএনপির সহ-সভাপতি জিয়াউল হক জিয়া, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবুস সবুর, মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক সেলিম আহমদ, সহকারী নির্বাচন কমিশনার আফসর খান, রুবেল বক্স, আজিজ খান সজিব, ফখরুল ইসলাম বাদল, ৮নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আজমল হোসেন, আব্দুল হাদী মাছুম, এবং এডহক কমিটির অন্যতম সদস্য ও সাবেক সাংগঠনিক সম্পাদক সেলিম আহমদ শিবলী প্রমুখ।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




