ছবি:সংগৃহীত
ভারতে অবৈধ অনুপ্রবেশের দায়ে সাজা ভোগ করা পাঁচজন বাংলাদেশি নাগরিক দেশে ফেরত এসেছেন।
বুধবার (১২ নভেম্বর) দুপুরে সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতীয় বিএসএফ ও বাংলাদেশের বিজিবির উপস্থিতিতে তাদেরদেশে পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন তামাবিল ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ মো. বজলুর রশিদ।
পুলিশ সূত্রে জানা গেছে, এই পাঁচজন নাগরিক ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার উকিয়াং সীমান্ত এলাকা দিয়ে ভারতে অনুপ্রবেশের দায়ে ভারতীয় পুলিশ দ্বারা আটক হন। পরে আদালতের নির্দেশে তাঁরা ভারতের মেঘালয় রাজ্যের ওয়েস্ট গারো হিলস জেলার তুরা কারাগারে কারাভোগ করেন। কারাভোগের মেয়াদ শেষ হওয়ার পর বাংলাদেশ কর্তৃপক্ষের আবেদনের প্রেক্ষিতে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ বিজিবি-বিএসএফের উপস্থিতিতে তাদের বাংলাদেশ ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে।
দেশে ফেরত আসা নাগরিকদের আত্মীয়-স্বজনদের কাছে আইনী প্রক্রিয়ার মাধ্যমে হস্তান্তর করা হয়।
ফেরত আসা পাঁচজন বাংলাদেশি নাগরিক হলেন-মো. শামীম আহমেদ (৩৫), জকিগঞ্জ উপজেলার বাগপাড়া গ্রামের আকদ্দস আলীর ছেলে
মো. নাসির উদ্দিন (২৫), একই এলাকার আব্দুল মান্নানের ছেলে, ইমরান হোসেন (২৭), আব্দুল হান্নানের ছেলে, ইকবাল আহমেদ (১৯), কানাইঘাট উপজেলার পূর্বগ্রামের শফিক আহমেদের ছেলে, আবুল হোসেন (২৫), মানিপুর গ্রামের ফারুক আহমেদের ছেলে।
তামাবিল ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ এসআই মো. বজলুর রশিদ জানান, দুই দেশের ইমিগ্রেশন পুলিশ এবং বিএসএফ-বিজিবির সহযোগিতায় নাগরিকদের দেশে ফেরানো হয়েছে।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




