ছবি:সংগৃহীত
১৩ নভেম্বরের লকডাউন ঘিরে সিলেটজুড়ে নেমে এসেছে এক অদৃশ্য আতঙ্ক। পুলিশি তৎপরতা বেড়েছে, রাতে ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন ও দিনে জামায়াত-শিবিরের মিছিল ঘিরে বাতাসে ছড়িয়ে পড়েছে ভয়। রাস্তাঘাট, দোকান, বাজার-সবখানেই একই সুর, ‘সময়টা ভালো না’-রাজনীতির হাতে দুলছে মানুষের জীবনের স্বস্তি আর নিরাপত্তা।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ঘোষিত মামলার রায় ও একই দিনে আওয়ামী লীগের ঢাকা লকডাউন কর্মসূচি ঘিরে সিলেটসহ সারাদেশেই তৈরি হয়েছে অস্বাভাবিক রাজনৈতিক উত্তেজনা। সম্ভাব্য নাশকতা ও অস্থিতিশীলতা ঠেকাতে প্রশাসন, পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলো সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
গত কয়েকদিন ধরে সিলেট মহানগর ও জেলার বিভিন্ন উপজেলা থেকে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠন ছাত্রলীগ, যুবলীগের বহু নেতাকর্মীকে আটক ও গ্রেপ্তার করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সিলেটভিউসহ বিভিন্ন স্থানীয় সংবাদমাধ্যমে গত দুই দিনে অন্তত ২০ জন আওয়ামী ঘরানার নেতাকর্মী গ্রেপ্তারের খবর প্রকাশ হয়েছে।
এদিকে মোগলাবাজার থানার শ্রীরামপুর এলাকায় মঙ্গলবার দিবাগত রাতে মশাল মিছিল বের করতে গিয়ে পুলিশের হাতে আটক হন নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই কর্মী।
সিলেট মহানগর পুলিশ ও জেলা পুলিশের পাশাপাশি র্যাব ও গোয়েন্দা সংস্থাগুলোও কঠোর নজরদারিতে রয়েছে। ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর, রেলওয়ে স্টেশন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালসহ গুরুত্বপূর্ণ সরকারি-বেসরকারি স্থাপনা ও অফিসসমূহে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা।
নগরজুড়ে পরিস্থিতি হয়ে উঠেছে অস্বস্তিকর ও শঙ্কাময়। শহরের প্রধান সড়ক, বাজার ও ব্যস্ততম এলাকাগুলোতে মানুষের চলাচল আগের চেয়ে অনেক কমেছে। বুধবার সন্ধ্যার পর জিন্দাবাজার, বন্দরবাজার ও আম্বরখানা এলাকায় দোকানপাট ও রাস্তাঘাট ছিল তুলনামূলক ফাঁকা।
রাত ১১ টার সময় ছাত্রদলের মটর সাইকেল মোহড়া দেখে তালতলা সুরমা টাওয়ারের সামনে দাড়ানো একজন বরে।লন‘ সময় বিশেষ ভালা নায়, কি হয় না হয় ভাবনায় আছি ‘
এদিকে সাধারণ মানুষের মধ্যে চলছে নানা গুঞ্জন ও ভয়। অনেকে জানতে চাইছেন, ১৩ নভেম্বর আসলে কী ঘটতে যাচ্ছে? আবারও কি দেশ কোনো অস্থিতিশীলতার দিকে যাচ্ছে?
যদিও এখন পর্যন্ত কোনো বড় নাশকতা বা সহিংসতার ঘটনা ঘটেনি, তবু আশঙ্কা আর আতঙ্কের আবহে দিন কাটাচ্ছে সিলেটবাসী।
রাজনৈতিক অস্থিরতার পূর্বাভাসে থমথমে সিলেট এখন অপেক্ষায়- ১৩ নভেম্বর, দিনটি শান্তিপূর্ণভাবে পেরিয়ে যায় এই প্রত্যাশাতেই।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




