শিক্ষা উন্নয়নে কার্যক্রম অব্যাহত রাখার ঘোষণা এম এ মালিকের
সোমবার, ২৫ মে ২০২৬, ১২:২৮ AM

শিক্ষা উন্নয়নে কার্যক্রম অব্যাহত রাখার ঘোষণা এম এ মালিকের

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৩/১১/২০২৫ ০১:৩০:৩৫ AM

শিক্ষা উন্নয়নে কার্যক্রম  অব্যাহত রাখার ঘোষণা   এম এ মালিকের

ছবি:সংগৃহীত


সিলেট-৩ (দক্ষিণ সুরমা, বালাগঞ্জ, ফেঞ্চুগঞ্জ ও সিটি করপোরেশনের ৬টি ওয়ার্ড) অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর নানামুখী সমস্যা সমাধানের লক্ষ্যে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ ও আলোচনা করেছেন সিলেট-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ আব্দুল মালিক। বুধবার তিনি সিলেট শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর সঙ্গে এ সৌজন্য সাক্ষাৎ ও আলোচনা করেন। 

আলোচনাকালে এম এ মালিক বলেন, ‘আমাদের দেশের শিক্ষা ব্যবস্থায় গভীর বৈষম্য বিরাজ করছে। বিশেষ করে গ্রামীণ এলাকার বহু স্কুল-মাদ্রাসা ও কলেজে বছরের পর বছর কোনো উন্নয়ন হয়নি। দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জের অনেক প্রতিষ্ঠানে শত শত শিক্ষার্থী পড়াশোনা করছে, অথচ সেখানে মাত্র দুটি টয়লেট-এটা মানবিক ও সামাজিকভাবে অগ্রহণযোগ্য।’

তিনি আরও বলেন, ‘আমি নিজে তিনটি উপজেলায় ঘুরে দেখেছি শিক্ষার্থীরা কতটা কষ্টে পড়াশোনা করছে। কোথাও বন্যার পানিতে মাঠ ভরে আছে, কোথাও শিক্ষার্থীদের বসার জায়গা নেই। বিএনপি ইনশাআল্লাহ ক্ষমতায় এলে এই বৈষম্যমূলক শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটানো হবে।’

বিএনপি নেতা আরও বলেন, ‘বিএনপির প্রস্তাবিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার মধ্যে শিক্ষাখাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আধুনিক বাংলাদেশের যে স্বপ্ন দেখেছিলেন, তা আমরা বাস্তবায়ন করতে চাই। বেগম খালেদা জিয়া নারীদের শিক্ষা ও ক্ষমতায়নে যে বিপ্লব ঘটিয়েছেন, এখন তারেক রহমানের নেতৃত্বে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও সামাজিক ন্যায়বিচার-সব ক্ষেত্রেই সংস্কার হবে।’

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘বিএনপি ক্ষমতায় এলে শিক্ষাখাত, স্বাস্থ্য, কৃষি ও সামাজিক ন্যায়বিচারসহ প্রতিটি সেক্টরে সমন্বিত সংস্কার বাস্তবায়ন করা হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আধুনিক বাংলাদেশের স্বপ্ন ও বেগম খালেদা জিয়ার শিক্ষা বিস্তারের অবদান আমরা এগিয়ে নিয়ে যাব ইনশাআল্লাহ।’

এম এ মালিক শেষ করে বলেন, ‘অত্র এলাকার শিক্ষা প্রতিষ্ঠানের সকল সমস্যা সমাধানের লক্ষ্যে আমার কার্যক্রম অব্যাহত থাকবে। এজন্য সকলের সুপরামর্শ ও সহযোগিতা কামনা করছি।’






জৈন্তা বার্তা/ ওয়াদুদ