শাবি শিক্ষার্থীকে অ*পহরণ ও ছি*নতাই
সোমবার, ২৫ মে ২০২৬, ১২:২৯ AM

শাবি শিক্ষার্থীকে অ*পহরণ ও ছি*নতাই

ইমরান হোসেন রানা, শাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ১৩/১১/২০২৫ ০১:০৫:৫৩ PM

শাবি শিক্ষার্থীকে অ*পহরণ ও ছি*নতাই


শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এক শিক্ষার্থীকে অপহরণ করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের (২০২২–২৩ সেশন) শিক্ষার্থী মো. রাব্বি ইসলামকে গত ১১ নভেম্বর সন্ধ্যায় সিলেট নগরীর উপশহর বি ব্লক এলাকা থেকে কয়েকজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি তুলে নেয় বলে জানা গেছে।

রাব্বির ভাষ্য অনুযায়ী, সন্ধ্যা ৭টার দিকে টিউশনি শেষে ফেরার পথে নিরিবিলি এলাকায় ৬–৭ জন অপরিচিত ব্যক্তি তাকে আটকে ছুরি দেখিয়ে মোটরসাইকেলে উঠতে বাধ্য করে। এরপর তাকে মিরাপাড়া বটেরতলের কাশফুল বাগান এলাকায় নিয়ে প্রায় আড়াই ঘণ্টা (সন্ধ্যা ৭টা ৩০ থেকে রাত ১০টা পর্যন্ত) আটকে রাখা হয়। এ সময় তাকে ভয়ভীতি দেখিয়ে বিকাশ, নগদ ও রকেট অ্যাকাউন্ট থেকে মোট ২০ হাজার টাকা হাতিয়ে নেয় দুর্বৃত্তরা। পরে টিলাগড় এলাকায় তাকে নামিয়ে হুমকি দিয়ে ছেড়ে দেয়।

পরে রাব্বি বিশ্ববিদ্যালয়ের গেটে এসে ঘটনাটি বন্ধুদের জানালে তারা শাবিপ্রবি ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. নাঈম সরকারের সঙ্গে যোগাযোগ করেন। এরপর নাঈম সরকারের নেতৃত্বে সংগঠনের সাংগঠনিক সম্পাদক আদনান মোহন ও সহ-সাংগঠনিক সম্পাদক মাহফুজসহ কয়েকজন নেতাকর্মী উপশহরে যান। তারা স্থানীয় নেতৃবৃন্দ ও পুলিশের সহায়তায় সিসিটিভি ফুটেজ সংগ্রহের উদ্যোগ নেন। রাত বেশি হওয়ায় তা সম্ভব না হলেও পরদিন সকালে স্থানীয়দের সহায়তায় ফুটেজ সংগ্রহ করে অভিযুক্তদের শনাক্ত করা হয়। পরবর্তীতে অভিযুক্তদের পরিবারের সঙ্গে কথা বলে ১৪ হাজার টাকা উদ্ধার করা হয়। অভিযুক্তদের একজনের ভাই ভুক্তভোগীর কাছে ক্ষমা চেয়ে তার নিরাপত্তার দায়িত্ব নেন বলে জানা গেছে।

মো. নাঈম সরকার বলেন, শাবিপ্রবি ছাত্রদল সবসময় অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ও ন্যায়ের পক্ষে অটল। আমরা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের অধিকার রক্ষায় নিরলসভাবে কাজ করছি। শিক্ষার্থীদের যেকোনো সংকট ও সমস্যায় ছাত্রদল সবসময় তাদের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। আমরা বিশ্বাস করি, ছাত্রসমাজের ঐক্য ও সাহসই ন্যায় প্রতিষ্ঠার মূল শক্তি আর সেই শক্তির প্রতীকই হলো ছাত্রদল।

জৈন্তা বার্তা/আরআর