ছবি:সংগৃহীত
বিএনপি মনোনীত সিলেট-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমান আমার ওপর আস্থা রেখে আপনাদের সেবা করার সুযোগ দিয়েছেন। আমি নির্বাচিত হলে কোম্পানীগঞ্জকে একটি মাস্টার প্লানের মাধ্যমে সারা দেশের মধ্যে মডেল উপজেলা হিসেবে গড়ে তুলবো।’
বৃহস্পতিবার (১৩ নভেম্বের) বিকেলে কোম্পানীগঞ্জ উপজেলার সর্বস্তরের শ্রমিকদের উদ্যোগে আয়োজিত বিশাল শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আরিফুল হক চৌধুরী আরও বলেন, ‘আমি কাজপ্রিয় মানুষ, কাজ ছাড়া বসে থাকতে পারি না। আমাকে নির্বাচিত করলে দেখবেন, ফজরের পর থেকেই আমি মাঠে মাঠে, এলাকায় এলাকায় ঘুরে বেড়াচ্ছি। এই এলাকায় মেডিকেল কলেজ হাসপাতাল, আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান ও ট্রাক টার্মিনাল স্থাপন করবো।’
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘বিএনপি সরকার গঠন করলে কোম্পানীগঞ্জসহ তিন উপজেলার রাস্তাঘাট, বিদ্যুৎ ও শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটানো হবে। তখন এই অঞ্চল হবে বাংলাদেশের অন্যতম মডেল এলাকা।’
সভায় সভাপতিত্ব করেন কোম্পানীগঞ্জ ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. কবির হোসেন এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক মো. মাহফুজ মিয়া।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আকবর, উপজেলা বিএনপির সদস্য এডভোকেট কামাল হোসেন, সিলেট জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি কাউছার আহমদ, উপজেলা শ্রমিকদলের সভাপতি মো. বাদশা মিয়া, সিলেট জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি ও উপজেলা যুবদলের আহ্বায়ক সাজ্জাদ হোসেন দুদু, জৈন্তা-গোয়াইনঘাট-কোম্পানীগঞ্জ শ্রমিকদলের সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক শরিফ উদ্দিন প্রমুখ।
এছাড়া উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সহসভাপতি মাহবুব রব চৌধুরী ফয়সল, জেলা বিএনপির উপদেষ্টা আব্দুস শুকুর, সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, জেলা যুবদলের সহসভাপতি সাহেদ আহমেদ চমন, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মঈনুল ইসলাম অপু চৌধুরী, শ্রমিকদলের সিনিয়র সদস্য আব্দুল লতিফ খানসহ দলীয় ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।
সমাবেশ শেষে কোম্পানীগঞ্জ উপজেলা শ্রমিকদল, ট্রাক শ্রমিক ইউনিয়ন, বেলচা শ্রমিক ও পাথর শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা মিছিলসহ সমাবেশে যোগ দেন।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




