ছবি:সংগৃহীত
সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, ‘গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের মানুষের জন্য আমাকে মনোনীত করায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানসহ দলের শীর্ষ নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা জানাই। সর্বোপরি শুকরিয়া জ্ঞাপন করছি মহান আল্লাহ তা’আলার। আমি সততা ও নিষ্ঠার সঙ্গে আজীবন এই জনপদের মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করতে চাই।’
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে বিয়ানীবাজার পৌর শহরের ইউসুফ কমিউনিটি সেন্টারে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত শোকরানা দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ‘আমার প্রতিদ্বন্দ্বী সকল প্রার্থীকে আমি সম্মান করি। আমি সবার বাসায় গিয়ে সাক্ষাৎ করেছি, তারা আমাকে আশ্বাস দিয়েছেন ধানের শীষের পক্ষে কাজ করবেন। যদি কারও মনে অভিমান থাকে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের দিকে তাকিয়ে আগামীকাল থেকেই দলের পক্ষে মাঠে নেমে পড়ুন। আমাদের লক্ষ্য একটাই-ধানের শীষের বিজয় নিশ্চিত করে সিলেট-৬ আসনকে খালেদা জিয়া ও তারেক রহমানকে উপহার দেওয়া।
এ সময় তিনি আরও বলেন, ‘গত ২৫ বছর ধরে আমি বিয়ানীবাজার-গোলাপগঞ্জের মানুষের পাশে আছি, ঘরে ঘরে গিয়েছি এবং যাবো। অবহেলিত জনপদের সমস্যা চিহ্নিত করে তার সমাধানে কাজ করে যাবো।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিয়ানীবাজার পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজমুল হোসেন এবং উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিক আহমেদ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন-যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি মরহুম কমর উদ্দিনের কন্যা সাবিনা খান, সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন, আবু তাহের, জেলা বিএনপির উপদেষ্টা আম্বিয়া চৌধুরী, উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুস সবুর, মুজিবুর ইসলাম তাজুল, আব্দুল কুদ্দুস, আলী আহসান, মাসুক উদ্দিন, পৌর বিএনপির সহসভাপতি বেলাল আহমদ শুক্কুর, আবু বক্কর আবু, আব্দুল মতিন, সাবেক সহসভাপতি হেলাল আহমদ, সাংগঠনিক সম্পাদক তাজ উদ্দিন কুটি, উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল করিম তাজুল, সদস্য সচিব দৌলা হোসেন সুভাষ, পৌর যুবদলের আহ্বায়ক হোসেন আহমদ দুলন, যুগ্ম আহ্বায়ক জাবেদ হোসেন, ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা শেষে শোকরানা মাহফিলের মোনাজাত পরিচালনা করেন বিয়ানীবাজার সরকারি কলেজ মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোশাহিদ আলী।
পরে অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী পৌর এলাকায় গণসংযোগ করেন। এ সময় তিনি তারেক রহমান ঘোষিত ৩১ দফা ও ধানের শীষের প্রচারপত্র বিতরণ করেন এবং সবার কাছে দোয়া, সহযোগিতা ও ভোট প্রার্থনা করেন।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




