ছবি:সংগৃহীত
বিশিষ্ট আলেমে দীন, দারুসসালাম দারুল হাদীস লাফনাউট মাদ্রাসার দীর্ঘ ৪৭ বছরের শায়খুল হাদীস হযরত মাওলানা মাহমুদুল হাসান রায়গড়ী (রহ.) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে সিলেট নগরীর আল হারামাইন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর।
মৃত্যুকালে তিনি স্ত্রী, চার পুত্র, পাঁচ কন্যাসহ অসংখ্য ছাত্র, মুরিদ ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
১৯৭৮ সালে হযরত রায়গড়ী (রহ.) দারুল হাদীস লাফনাউট মাদ্রাসায় শায়খুল হাদীস হিসেবে যোগদান করেন। তারপর থেকে প্রায় অর্ধশতাব্দী তিনি নিরলসভাবে দারসুল হাদীসের খেদমত করে গেছেন। হাদীস ও তাফসিরে তাঁর জ্ঞানের গভীরতা, বিনয় ও আল্লাহভীতি তাঁকে উত্তর সিলেটের ধর্মপ্রাণ মানুষের কাছে শ্রদ্ধার প্রতীক করে তুলেছিল।
তাঁর ইন্তেকালের খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই আল-হারামাইন হাসপাতালে ছুটে যান বৃহত্তর সিলেটের শত শত আলেম-উলামা, ছাত্র, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষ। পরে তাঁর মরদেহ সুবহানীঘাট মাদ্রাসায় নিয়ে গোসল ও জানাজার প্রস্তুতি সম্পন্ন করা হয়।
হযরত রায়গড়ী (রহ.)-এর ওসিয়ত অনুযায়ী তাঁর জানাজা অনুষ্ঠিত হয় কর্মস্থল গোয়াইনঘাটের দারুল হাদীস লাফনাউট মাদ্রাসা প্রাঙ্গণে। বাদ আছর অনুষ্ঠিত জানাজায় প্রায় লাখাধিক মুসল্লি অংশ নেন। জানাজা শেষে তাঁকে মাদ্রাসা প্রাঙ্গণেই চিরনিদ্রায় শায়িত করা হয়।
জানাজায় অংশ নেন-আল্লামা ইদ্রিছ লক্ষীপুরি, শায়খুল হাদীস মাওলানা আহমদ আলী (চিল্লা), মাওলানা আব্দুল কাদির (বাগরখালী), সিলেট জেলা জামায়াতের সেক্রেটারি ও সংসদ সদস্য প্রার্থী আলহাজ জয়নাল আবেদীন, জেলা বিএনপির উপদেষ্টা ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ আব্দুল হাকিম চৌধুরী, জমিয়তের কেন্দ্রীয় আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আলী, জেলা বিএনপির উপদেষ্টা হেলাল উদ্দিন, গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি মনজুর আহমদ, উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন এবং উপজেলা জামায়াতের আমীর মাস্টার আবুল হোসেনসহ বিপুলসংখ্যক রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় নেতৃবৃন্দ।
হযরত রায়গড়ী (রহ.)-এর মৃত্যুতে গোয়াইনঘাট, কানাইঘাট ও পুরো সিলেটজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। ছাত্র, আলেম ও শুভানুধ্যায়ীরা তাঁকে স্মরণ করছেন এক আলোকিত মানুষ হিসেবে, যিনি জীবনের প্রতিটি মুহূর্ত উৎসর্গ করেছিলেন ইলমে দীনের প্রচার ও সমাজে নৈতিকতার আলো ছড়িয়ে দিতে।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




