ছবি:সংগৃহীত
সিলেট-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী, দলীয় চেয়ারপার্সনের উপদেষ্টা ও সিলেট সিটির সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, জৈন্তা একটি প্রাচীন ও সমৃদ্ধ রাজ্যের ঐতিহ্য বহন করে। এই ইতিহাস ও ঐতিহ্য অক্ষুণ্ণ রেখে জৈন্তাপুরকে আধুনিক পর্যটন ও শিল্পবান্ধব উপজেলায় রূপান্তর করা হবে।
শুক্রবার জৈন্তাপুর উপজেলায় দিনব্যাপী নির্বাচনী গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।
দিনের শুরুতে আরিফুল হক চৌধুরী দরবস্ত বাজার জামে মসজিদে জুম্মার নামাজ আদায় করেন এবং মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেন। পরে ফুটবল খেলতে গিয়ে গুরুতর আহত হয়ে মৃত্যুবরণকারী লক্ষিপ্রসাদ কান্দিগ্রামের নবম শ্রেণির শিক্ষার্থী ইমনের পরিবারের বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা দেন। এর আগে তিনি চারকাটা ইউনিয়ন বিএনপির সভাপতি হেলাল মেম্বারের ভাইয়ের চেহলামে অংশ নেন।
দিনব্যাপী প্রচারণায় তার সাথে ছিলেন সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি সাদিকুর রহমান সাদিক, সিলেট জেলা বিএনপির প্রথম যুগ্ম সম্পাদক ইশতিয়াক আহমদ সিদ্দিকী, জেলা বিএনপির উপদেষ্টা আব্দুস শুকুর ও ফয়েজ আহমদ, সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসেনসহ স্থানীয় নেতাকর্মীরা।
এছাড়া উপস্থিত ছিলেন জৈন্তা উপজেলা যুবদলের আহ্বায়ক ও দরবস্ত ইউনিয়ন চেয়ারম্যান বাহারুল আলম বাহার, দরবস্ত ইউনিয়ন বিএনপির সভাপতি কুদরত উল্লাহ বান্ডারি, চারকাটা ইউনিয়ন বিএনপির সভাপতি হেলাল মেম্বার, চারকাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহ আলম চৌধুরী তোফায়েল, উপজেলা যুবদলের সদস্য নুরুল হক ও নাজিম আহমদ।
এদিকে বৃহস্পতিবার রাতে আরিফুল হক চৌধুরী গোয়াইনঘাট উপজেলার ফতেপুর বাংলাবাজার ও ডৌবাড়ি ইউনিয়নের হাকুর বাজারে নির্বাচনী গণসংযোগ করেন। একই রাতে তিনি পূর্ব আলীরগাঁও এলাকার ঐতিহ্যবাহী জামেয়া আহলিয়া দারুস সালাম ও দারুল হাদীস লাফনাউটের এনামী জলসায় বক্তব্য রাখেন।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




