জৈন্তাপুরে ফুটবল খেলতে গিয়ে আ*ঘাত পেয়ে নবম শ্রেণির ছাত্রের মৃ*ত্যু
রবিবার, ২৪ মে ২০২৬, ১০:৩০ PM

জৈন্তাপুরে ফুটবল খেলতে গিয়ে আ*ঘাত পেয়ে নবম শ্রেণির ছাত্রের মৃ*ত্যু

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৪/১১/২০২৫ ০৮:২৮:৫১ PM

জৈন্তাপুরে ফুটবল খেলতে গিয়ে আ*ঘাত পেয়ে নবম শ্রেণির ছাত্রের মৃ*ত্যু

ছবি:সংগৃহীত


সিলেটের জৈন্তাপুর উপজেলায় নাইট মিনিবার ফুটবল খেলতে গিয়ে গাছের ডালে আঘাত পেয়ে ইমন আহমেদ (১৬) নামে নবম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে দরবস্ত এলাকার মহাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ দুর্ঘটনা ঘটে।

ইমন উপজেলার ৪ নং দরবস্ত ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের লক্ষিপ্রসাদ (কান্দিগ্রাম) গ্রামের আনছারুল হকের ছেলে। তিনি আমিনা হেলালী টেকনিক্যাল ইনস্টিটিউটের নবম শ্রেণির পরীক্ষার্থী ছিলেন।

প্রতিষ্ঠানটির সুপারিন্টেন্ডেন্ট হেলাল আহমেদ জানান, নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টে একটি দলের হয়ে খেলায় অংশ নেয় ইমন। খেলার এক পর্যায়ে অসাবধানতাবশত মাঠের কাছাকাছি থাকা একটি গাছের কাটা অংশে তার মুখমণ্ডল ও মাথার স্পর্শকাতর স্থানে আঘাত লাগে। তখনও সে স্বাভাবিক ছিল। কিন্তু খেলার বিরতির সময় হঠাৎ মাটিতে লুটিয়ে পড়ে এবং তার কান দিয়ে রক্ত বের হতে থাকে।

তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে চতুল বাজারের একটি ফার্মেসিতে প্রাথমিক চিকিৎসা দিয়ে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় ভোর ৪টায় ইমন মারা যায়।

শুক্রবার ইমনের অকাল মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পুরো জৈন্তাপুর উপজেলায় শোকের ছায়া নেমে আসে। সহপাঠী, ক্রীড়াপ্রেমী ও স্থানীয় মানুষজন সামাজিক যোগাযোগমাধ্যমে শোকবার্তা জানাতে থাকেন।

এদিকে শুক্রবার দুপুরে ইমনের পরিবারের প্রতি সমবেদনা জানাতে তাদের বাড়িতে যান সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও সিলেট-৪ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী আরিফুল হক চৌধুরী এবং সিলেট জেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সিলেট-৪ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব জয়নাল আবেদীন। এ সময় ৪ নং দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার বাদ আসর স্থানীয় মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে ইমনের দাফন সম্পন্ন করা হয়েছে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ