যানজ*ট কমাতে ও পরিবেশ রক্ষা*য় সাইকেলই হতে পারে বিকল্প - পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী
রবিবার, ২৪ মে ২০২৬, ১০:২৯ PM

সিলেটে এসএমপি ও রাউন্ড টেবিল বাংলাদেশের সাইকেল র‌্যালি

যানজ*ট কমাতে ও পরিবেশ রক্ষা*য় সাইকেলই হতে পারে বিকল্প - পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৪/১১/২০২৫ ০৯:৫৫:৫৩ PM

যানজ*ট কমাতে ও পরিবেশ রক্ষা*য় সাইকেলই হতে পারে বিকল্প - পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী

ছবি:সংগৃহীত


সিলেটে পরিবেশ দূষণ রোধ ও জনসচেতনতা বাড়াতে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) ও রাউন্ড টেবিল বাংলাদেশের উদ্যোগে এবং দুরন্ত বাইসাইকেলের সহযোগিতায় বর্ণাঢ্য সাইকেল র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৪ নভেম্বর) সকাল ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে শুরু হওয়া এ র‌্যালিতে কয়েকশো সাইক্লিস্ট অংশ নেন।
নগর হোক সাইকেলবান্ধব, সাইকেল লেন হোক বাধ্যতামূলক’ স্লোগানে র‌্যালিটি শহীদ মিনার থেকে শুরু হয়ে চৌহাট্টা, কুমারপাড়া, শাহী ঈদগাহ, আম্বরখানা, সুবিদবাজার ও রিকাবীবাজারসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ শেষে আবারো শহীদ মিনার চত্বরে গিয়ে শেষ হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসএমপি কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী পিপিএম।

তিনি বলেন, ‘যানজট কমানো ও পরিবেশ দূষণরোধে বাইসাইকেল হতে পারে দারুণ একটি বিকল্প। এটি শুধু পরিবেশবান্ধব নয়, শরীর সুস্থ রাখতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।’

তিনি আরও বলেন, সাইকেলচর্চা বাড়লে নগর হবে আরও সুস্থ, সুন্দর ও সচেতন। এজন্য সবার সহযোগিতা ও অংশগ্রহণ জরুরি।

এসময় আরও উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) ও নবনিয়ুক্ত অতিরিক্ত ডিআইজি শেখ শরীফুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোহাম্মদ সাইফুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) সুদীপ্ত রায়সহ এসএমপির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

আরো উপস্থিত ছিলেন আরএফএল–আরএমআইএল বাইক অ্যান্ড এসটিএল-এর হেড অব মার্কেটিং শরিফুল ইসলাম এবং আরএফএল বাইকের ব্র্যান্ড ম্যানেজার খন্দকার আরিফ হোসেন।

স্বাগত বক্তব্যে রাউন্ড টেবিল বাংলাদেশের সাবেক জাতীয় সভাপতি ও র‌্যালির প্রধান সমন্বয়ক এজাজ মাহমুদ রনি বলেন, ‘সাইক্লিং একটি টেকসই, পরিবেশবান্ধব ও স্বাস্থ্যকর জীবনধারা। তরুণেরা এটি গ্রহণ করলে শহর আরও প্রাণবন্ত হবে।’

অংশগ্রহণকারীরা মনে করেন, সচেতনতা ও অংশগ্রহণ বাড়লে শহরের বায়ু ও জীবনযাত্রার মান উন্নত হবে। তারা নগরীতে পৃথক সাইকেল লেন নির্মাণের দাবি জানান।

আয়োজকরা জানান, বায়ুদূষণ ও জ্বালানি সংকট মোকাবিলা এবং আগামী প্রজন্মকে একটি সুন্দর ভবিষ্যৎ দিতে সাইকেল ব্যবহারকে জীবনযাপনের অংশ হিসেবে তুলে ধরাই এ র‌্যালির মূল উদ্দেশ্য।

র‌্যালির আগে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে নান্দনিক সাইকেল স্ট্যান্ড শো প্রদর্শিত হয়, যা দর্শনার্থীদের আকর্ষণ করে।

অনুষ্ঠানের শেষে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কর্মকর্তা এজাজ মাহমুদ রনি।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ