ছবি:সংগৃহীত
সিলেটের দক্ষিণ সুরমা থানা পুলিশের বিশেষ অভিযানে প্রায় ৫৯ লাখ ৮৮ হাজার ৯০০ টাকার অবৈধ ভারতীয় মালামালসহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
১৪ নভেম্বর ২০২৫ খ্রিঃ রাত সাড়ে ৩টার দিকে এসআই (নিঃ) সাইফুল আবেদীন চৌধুরীর নেতৃত্বে পুলিশের একটি দল লালাবাজার সাতমাইল এলাকায় অভিযান পরিচালনা করে নোমান মিয়া (৩২) নামের এক ব্যক্তিকে আটক করে। তিনি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা হলেও বর্তমানে সাতমাইলে বসবাস করছিলেন।
পুলিশ জানায়, আটক নোমান মিয়ার ভাড়াটিয়া ঘরের সামনে দুটি কক্ষ থেকে বিপুল পরিমাণ ভারতীয় মালামাল জব্দ করা হয়। উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে- ভারতীয় শাড়ি: ৮ বস্তায় মোট ২৪০টি (মূল্য: ৭,২০,০০০ টাকা),পন্ডস ফেসওয়াশ (১০০ গ্রাম): ২২০টি খাকি কার্টুনে মোট ৫,২৮০ পিস, আনুমানিক মূল্য ১৮,৪৮,০০০ টাকা, বেটনোভেট-এন ক্রিম (২৫ গ্রাম): ৪২টি কার্টুনে মোট ২৫,২০০ পিস, আনুমানিক মূল্য ২৫,২০,০০০ টাকা, ক্লপ-জি ক্রিম (৩০ গ্রাম): ৬৬টি কার্টুনে মোট ১২,০১২ পিস, আনুমানিক মূল্য ৯,০০,৯০০ টাকা। জব্দকৃত মালামালের মোট আনুমানিক মূল্য দাঁড়ায় ৫৯,৮৮,৯০০ টাকা।
এ ঘটনায় দক্ষিণ সুরমা থানায় মামলা নং-০৮, তারিখ-১৪/১১/২০২৫ খ্রিঃ, বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪-এর ২৫বি(১)(খ)/২৫ডি ধারায় মামলা রুজু করা হয়েছে। আটক নোমান মিয়াকে পরদিন আদালতে সোপর্দ করে পুলিশ।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




