ছবি:সংগৃহীত
সিলেটের শ্রমজীবী মানুষের ন্যায্য মজুরি, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিতের প্রতিশ্রুতি দিয়েছেন সিলেট-১ (নগর ও সদর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও দলের চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে শ্রমজীবী মানুষের জীবনমান উন্নয়নে বিশেষ কর্মপরিকল্পনা বাস্তবায়ন করা হবে।
শনিবার বিকেলে সিলেটের কলিঘাট, চাউলবাজার, পিয়াজপট্টি ও নবীনগর এলাকার শ্রমিক সংগঠনগুলোর আয়োজনে শ্রমিক সমাবেশে কথা বলেন মুক্তাদির।
সমাবেশে তিনি দাবি করেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে শ্রমজীবী মানুষের জীবনযাপন কঠিন হয়ে পড়েছে। এ অবস্থায় ন্যায্য মজুরি নিশ্চিত করতে হলে রাষ্ট্রকে দায়িত্ব নিতে হবে।
মুক্তাদির বলেন,‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শ্রমজীবী ও কর্মজীবী নারীদের জন্য বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছেন। শিশু পরিচর্যা সুবিধা, কর্মসংস্থান বৃদ্ধি ও অর্থনৈতিক স্থিতিশীলতা-এসব বিষয় ৩১ দফায় স্পষ্টভাবে উল্লেখ করা আছে। আমরা দায়িত্ব পেলে শ্রমিকের অধিকার রক্ষায় কঠোরভাবে কাজ করব।’
তিনি আরও বলেন, কর্মসংস্থানকেন্দ্রিক উন্নয়ন নীতিমালা প্রণয়ন এবং বেকারত্ব দূরীকরণে বিএনপি অগ্রাধিকার দেবে।
‘শ্রমজীবী মানুষের মর্যাদা ও নিরাপত্তাই হবে আমাদের রাষ্ট্র পরিচালনার অন্যতম প্রধান নীতি,’-যোগ করেন তিনি।
শ্রমিক সমাবেশে সভাপতিত্ব করেন সিলেট ব্যবসায়ী সমিতির সভাপতি ও ১৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মুনিম। পরিচালনা করেন নাজির হোসেন।
সমাবেশে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা শ্রমিকদের জন্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, আইনগত সুরক্ষা ও কর্মপরিবেশ উন্নয়নের দাবি তুলে ধরেন।
সভায় আরও উপস্থিত ছিলেন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ-নাছির মিয়া, আল আমিন মোল্লাহ, মো. মুজাহেল, বাহার মিয়া, সেন্টু মিয়া, লিটন আহমদ, সিজান আহমদ, রাসেল আহমদ, আইনুদ্দিন, মাহমুদ হোসেন, মনির হোসেন, সেলিম রেজা প্রমুখ।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




