ছবি:সংগৃহীত
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচনের তারিখ ঘোষণাকে কেন্দ্র করে ক্যাম্পাসজুড়ে উত্তেজনা দেখা দিয়েছে। উপাচার্য এ এম সরওয়ারদ্দিন চৌধুরীর দাবি, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের কিছু নেতাকর্মী ২৮ ডিসেম্বরের আগে নির্বাচন অনুষ্ঠিত হলে প্রশাসনিক ভবনে তালা দেওয়ার হুমকি দিয়েছেন। শুক্রবার রাতে নির্বাচনের সময়সূচি ঘোষণার পর আন্দোলনরত শিক্ষার্থীদের সামনে তিনি এসব কথা বলেন।
উপাচার্য বলেন,‘প্রথমে ভেবেছিলাম ছাত্রদলের কার্যক্রম কেবল মিছিলেই সীমাবদ্ধ। পরে জানতে পারলাম, তারা নাকি বলেছে ২৮ তারিখের আগে কোনো ঘোষণা এলে গেট বন্ধ করে দেবে। এটা আমি চাপ বা হুমকি হিসেবেই দেখছি।’
তিনি আরও বলেন, ‘২৮ বছর পর নানা জটিলতা অতিক্রম করে অবশেষে একটি তারিখ নির্ধারণ করা হয়েছে। যেখানে ছাত্রদলেরই জয়ের সম্ভাবনা আছে বলে শোনা যায়, সেখানে এই আন্দোলনের যুক্তি কী?’
আন্দোলনরত শিক্ষার্থীদের দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করে উপাচার্য বলেন, ‘তোমরা ক্যাম্পাসে নানা ইতিবাচক কাজ করেছো। শাকসু কার্যকর হলে এগুলো আরও সংগঠিতভাবে এগোবে। অযথা নির্বাচনি প্রক্রিয়াকে জটিল করো না। আজ আমি আছি, কাল অন্য কেউ আসবে-কিন্তু শিক্ষক প্রতিনিধিরা সমন্বয় করেই ১৭ তারিখকে চূড়ান্ত করেছেন।’
উপাচার্য জানান, সংবাদ সম্মেলন বিলম্বিত হওয়ার কারণ হলো, ম্যাথ অলিম্পিয়াড থেকে ফেরার পর তিনি নিজের কক্ষে ছাত্রদলের একটি বড় দলকে দেখতে পান। তাঁর দাবি, ওই বৈঠকে ছাত্রদলকে ডাকা হয়নি; তারা নিজেরাই সেখানে যায়।
অন্যদিকে, উপাচার্যের অভিযোগ অস্বীকার করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাঈম সরকার বলেন, ‘আমরা ভিসি স্যারের সঙ্গে দেখা করেছি, তবে কোনো হুমকি বা চাপ প্রয়োগ করিনি। কে কী বলেছে জানি না। ভিসির বক্তব্যের আমরা প্রতিবাদ জানাই।’
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




