ছবি:সংগৃহীত
সিলেট-৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বিয়ানীবাজারে স্থানীয় সাংবাদিকদের সহযোগিতা চেয়েছেন। তিনি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের কার্যক্রম সাধারণ মানুষ পর্যন্ত পৌঁছাতে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি তিনি দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে তাদের ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করতে পারবে, কিন্তু কিছু রাজনৈতিক দল ধর্মকে নিজের স্বার্থে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে, এমন সতর্কবার্তাও দেন।
রবিবার (১৬ নভেম্বর) বিকেলে উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে স্থানীয় প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ আহ্বান জানান এমরান আহমদ চৌধুরী। তিনি বলেন, ‘বিয়ানীবাজার-গোলাপগঞ্জে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল ও জাসাসসহ সকল অঙ্গ-সহযোগী সংগঠন ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ। কিছু ব্যক্তির মনে এখনো অভিমান থাকতে পারে, তবে সময়ের সঙ্গে তা দূর হয়ে যাবে এবং তারা ধানের শীষকে বিজয়ী করতে কাজ করবে।’
সিলেট-৬ আসনে দলের প্রার্থী আরও বলেন, ‘বিএনপি ক্ষমতায় না থাকা সত্ত্বেও আমরা বর্তমান সরকারের কাছ থেকে বরাদ্দ নিয়ে এসে এই দুই উপজেলায় রাস্তাঘাটসহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম চালাচ্ছি। ভালো কাজ করলে সাংবাদিকরাও সহযোগিতা করবেন এবং মানুষ তা মূল্যায়ন করবে।’
ধর্ম নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘বিএনপি সব ধর্মকে সম্মান করে। ক্ষমতায় এলে সব ধর্মের মানুষ নির্বিঘ্নে তাদের ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করতে পারবে। তবে একটি দল ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। সচেতন ধর্মপ্রাণ মানুষ তা বুঝবে এবং আগামী নির্বাচনে ধানের শীষই জনগণের হৃদয়ের বিজয় হবে-ইনশা আল্লাহ।’
মতবিনিময় অনুষ্ঠানে বিয়ানীবাজারের সাংবাদিক নেতৃবৃন্দ, উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
এর আগে রবিবার বাদ জোহর তিনি গোলাপগঞ্জের শায়খে বাঘা রাহ.-এর নাতি, বাঘা গোলাপগঞ্জ আরাবিয়া ইসলামিয়া মাদরাসার সাবেক মুহতামিম এবং রানাপিং মাদরাসার মুহতামিম, বরেণ্য আলেম মাওলানা জুবায়ের আহমদ রাহ.-এর জানাজার নামাজে অংশগ্রহণ করেন।
সন্ধ্যায় লাউতা ইউনিয়ন বিএনপির সভাপতি জালাল উদ্দিনের ছোট ভাই, সদ্য মরহুম হারুনুর রশীদের শোকাহত পরিবারের সদস্যদের সমবেদনা জানান এবং তাদের খোঁজ-খবর নেন। এমরান আহমদ চৌধুরী ২৫ বছরেরও বেশি সময় ধরে মানুষের দ্বারে দ্বারে ঘুরে এই ‘অঘোষিত জনপ্রতিনিধি’ হিসেবে পাশে থাকার প্রতিশ্রুতি দেন।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




