‘বিএনপি ক্ষমতায় এলে ইমাম-মোয়াজ্জিনদের কল্যাণে বিশেষ উদ্যোগ নেওয়া হবে’-খন্দকার মুক্তাদির
রবিবার, ২৪ মে ২০২৬, ০৬:০৪ PM

ইমাম-মোয়াজ্জিনদের সঙ্গে মতবিনিময়

‘বিএনপি ক্ষমতায় এলে ইমাম-মোয়াজ্জিনদের কল্যাণে বিশেষ উদ্যোগ নেওয়া হবে’-খন্দকার মুক্তাদির

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৮/১১/২০২৫ ০৭:০৯:৩১ PM

‘বিএনপি ক্ষমতায় এলে ইমাম-মোয়াজ্জিনদের কল্যাণে বিশেষ উদ্যোগ নেওয়া হবে’-খন্দকার মুক্তাদির

ছবি:সংগৃহীত


সিলেট-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ‘ইমাম, মোয়াজ্জিন ও খতিব সমাজের সম্মানিত ব্যক্তি-আল্লাহ তায়ালা তাঁদের মর্যাদা দিয়েছেন। তাঁদের সম্মান করা ও সুখে-দুঃখে পাশে থাকা আমাদের দায়িত্ব।’ তিনি বলেন, ধর্মীয় নেতারা আত্মশুদ্ধি, চারিত্রিক উন্নয়ন এবং সমাজের নৈতিক দিকনির্দেশনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। কিন্তু দুঃখজনকভাবে তাঁদের বেতন-ভাতা ও সম্মানী প্রয়োজনের তুলনায় অনেক কম। বিএনপি ক্ষমতায় গেলে এ বিষয়ে বিশেষ উদ্যোগ নেওয়া হবে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) নগরীর পাঠানটুলার একটি কমিউনিটি সেন্টারে ৮ ও ৯নং ওয়ার্ডের ইমাম, খতিব ও মোয়াজ্জিনদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, ‘ইমাম- মোয়াজ্জিনদের যেকোনো সমস্যায় আমি সবসময় পাশে থাকব। তাঁদের কাছে আমি দোয়া প্রার্থী।’

সভায় সভাপতিত্ব করেন পাঠানটুলা স্কুলের প্রাক্তন শিক্ষক আব্দুল মালিক গোলেমান এবং পরিচালনা করেন মহানগর বিএনপির সমবায় বিষয়ক সম্পাদক আব্দুল হাদী মাছুম। আলোচনায় অংশ নেন শাহ কুতুব জামে মসজিদ, পাঠানটুলা নবাবী মসজিদ, শাহজালাল জামেয়া মসজিদ, পরিটুলা জামে মসজিদ, জালালিয়া জামে মসজিদ, আদম শাহ জামে মসজিদ, লতিফ মঞ্জিল বাইতুল মামুন জামে মসজিদ, মুসলিম নগর জামে মসজিদ, নতুন বাজার জামে মসজিদ ও পার্ক ভিউ জামে মসজিদের ইমাম-খতিব ও মোয়াজ্জিনরা।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ