ছবি:সংগৃহীত
সিলেট জেলা বিএনপির উপদেষ্টা, সাবেক সহ-সভাপতি ও গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং সিলেট-৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আব্দুল হাকিম চৌধুরী বলেছেন, আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। কোনো ষড়যন্ত্রই নির্বাচন বানচাল করতে পারবে না। বিপুল ভোটে বিজয়ী হয়ে বিএনপি সরকার গঠন করবে।
তিনি আরও বলেন, স্থানীয় জনগণ ও তৃণমূল নেতাকর্মীদের আবেগ-অনুভূতিকে গুরুত্ব দিয়ে প্রার্থী মনোনয়ন দিলে সিলেট-৪ আসনে ধানের শীষের বিজয় কেউ ঠেকাতে পারবে না।
মঙ্গলবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় ফতেপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে চৌমুহনী বাজারে বিএনপির ৩১ দফার সমর্থনে লিফলেট বিতরণ ও প্রচার মিছিল শেষে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি ইসলাম উদ্দিন মেম্বারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এখলাস উদ্দিন মেম্বারের সঞ্চালনায় ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণীপেশার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




