সুষম উন্নয়নের মাধ্যমে একটি পরিকল্পিত আধুনিক নগর উপহার দিতে চাই- খন্দকার মুক্তাদির
রবিবার, ২৪ মে ২০২৬, ০৪:৫৭ PM

সুষম উন্নয়নের মাধ্যমে একটি পরিকল্পিত আধুনিক নগর উপহার দিতে চাই- খন্দকার মুক্তাদির

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৯/১১/২০২৫ ০৭:৫৩:৪৬ PM

সুষম উন্নয়নের মাধ্যমে একটি পরিকল্পিত আধুনিক নগর উপহার দিতে চাই- খন্দকার মুক্তাদির

ছবি:সংগৃহীত


সিলেট-০১ আসনে (মহানগর ও সদর) বিএনপির মনোনীত প্রার্থী ও দলের চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বিরামহীন গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। নির্বাচনের তফসিল ঘোষণার আগেই তিনি দিনে রাতে ধানের শীষের সমর্থনে ভোটারদের দ্বারে দ্বারে পৌঁছে দিচ্ছেন নিজের বার্তা। লিফলেট বিতরণ, পথসভা এবং মতবিনিময়সহ নানা কর্মসূচির মাধ্যমে তিনি ভোটারদের আকৃষ্ট করছেন।

বুধবার সকাল ১১টা থেকে বাদ যোহর পর্যন্ত সিলেট ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে কালিঘাট, মহাজনপট্টি, লালদিঘীরপাড় ও কাষ্টঘর এলাকায় ব্যাপক প্রচারণা চালান তিনি।

এসময় ব্যবসায়ীদের উদ্দেশে খন্দকার মুক্তাদির বলেন,‘অতীতে অপরিকল্পিত উন্নয়ন এবং অবকাঠামো খাতে লুটপাটের কারণে সিলেট তার প্রাপ্য উন্নয়ন পায়নি। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন ব্যবসায়ীরা। আগামী নির্বাচনে জনগণের ম্যান্ডেট পেলে সুষম উন্নয়নের মাধ্যমে একটি পরিকল্পিত আধুনিক নগর উপহার দিতে চাই।’

তিনি আরও বলেন, বিএনপি সরকার সবসময় ব্যবসায়ীবান্ধব। সিলেটের ঐতিহ্যবাহী বাণিজ্যিক এলাকা কালিঘাট, মহাজনপট্টি ও কাষ্টঘরের উন্নয়ন এবং ব্যবসায়ীদের প্রতিবন্ধকতা দূরীকরণে বিশেষ উদ্যোগ নেওয়া হবে। ধানের শীষের বিজয়ে ব্যবসায়ীরা অতীতের মতোই পাশে থাকবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

প্রচারণায় উপস্থিত ছিলেন- সিলেট ব্যবসায়ী সমিতির সভাপতি ও সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম মুনিম, সাবেক সভাপতি জিয়াউল হক জিয়া, সেক্রেটারি হাজি সৈয়দ জাহিদ উদ্দিন, সহ সভাপতি মো. সাদেক আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক কুবেব হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন সামন, প্রচার সম্পাদক ইমতিয়াজ হোসেন আরাফাত, আলা উদ্দিন, আমিন আহমেদ, মাহবুবুর রহমান জনি, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজির আহমদ, নেতা ইলিয়াস মেম্বার প্রমুখ।

১৭ নম্বর ওয়ার্ডে মতবিনিময় সভা

একইদিন ১৭ নম্বর ওয়ার্ড বিএনপির জোন-২ আয়োজিত মতবিনিময় সভায় বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সঙ্গে আলোচনা করেন খন্দকার মুক্তাদির।

সভায় তিনি বলেন, “সিলেটবাসীর স্বপ্ন পূরণে বিএনপি সবাইকে সঙ্গে নিয়ে কাজ করবে। রাজনীতিবিদ, ব্যবসায়ী, শিক্ষাবিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সাধারণ মানুষের অংশগ্রহণেই আমরা যুগোপযোগী উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করব।’

তিনি সিলেটের যোগাযোগব্যবস্থার উন্নয়ন, পর্যটন শিল্পের বিকাশ, শিক্ষা-স্বাস্থ্য খাতের মানোন্নয়ন এবং পরিবেশ সুরক্ষায় স্থানীয়দের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার আশ্বাস দেন।

সভায় সভাপতিত্ব করেন ১৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মঞ্জুর আহমদ এবং সঞ্চালনা করেন ছাত্রবিষয়ক সম্পাদক মাহবুব হোসাইন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সিলেট মহানগর বিএনপির সাবেক সভাপতি নাসিম হোসাইন, সহ-সভাপতি জিয়াউল গনী আরেফিন জিল্লুর, সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক ও মহানগর কৃষক দলের আহবায়ক হুমায়ুন কবির শাহিন, কোতোয়ালি থানা বিএনপির আহবায়ক অলিউর রহমান সোহেল, সদস্য সচিব শুয়েব আহমদ, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা সম্রাট হোসেন, আব্দুস সামাদ টিপু, ১৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোরাদ আহমদসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ