ছবি:সংগৃহীত
সিলেটের কোম্পানীগঞ্জের শাহ আরেফিন টিলা এলাকায় দীর্ঘদিন ধরে চলমান পাথর লুট বন্ধে প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়েছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার রাতে উপজেলা প্রশাসনের উদ্যোগে টিলার প্রবেশপথে লোহার বেষ্টনী বসানো হয়, যাতে বড় ধরনের পাথরবাহী যানবাহন ভিতরে প্রবেশ করতে না পারে।
এর আগে জেলা প্রশাসক টিলার পাথর লুটের চিত্র সরেজমিনে দেখে ক্ষোভ প্রকাশ করেন এবং কঠোর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন। এরপর উপজেলা প্রশাসন একাধিক অভিযান চালিয়ে পাথর মজুতকারী কয়েকজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দণ্ড প্রদান করেন।
শাহ আরেফিন টিলা সরকারি খাস খতিয়ানের ১৩৭.৫০ একর জমিতে অবস্থিত এবং ইতিহাস-ঐতিহ্যে সমৃদ্ধ। স্থানীয়রা জানান, প্রায় ৭০০ বছর আগে হজরত শাহজালাল (রহ.)-এর সফরসঙ্গী হজরত শাহ আরেফিন (রহ.) এখানে বিশ্রাম নিতেন। টিলার নাম এসেছে তাঁর ‘আসন’ থেকে। লালচে ও আঠালো মাটির নিচে থাকা বিশাল পাথর উত্তোলনের জন্য দীর্ঘদিন ধরে টিলায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চলছে। স্থানীয়দের দাবি, টিলার প্রায় ৮৫ শতাংশ পাথর ইতোমধ্যে লুট হয়ে গেছে।
উপজেলা প্রশাসন ও পুলিশ জানায়, নতুন লোহার বেষ্টনী বসানোর ফলে ট্রাক, পিকআপ, ট্রাক্টরসহ বড় যানবাহন টিলায় প্রবেশ করতে পারবে না। এতে পাথর লুট অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে। তবে স্থানীয়রা আশঙ্কা করছেন, লুটকারীরা বিকল্প পথ খুলে নিতে পারে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রতন শেখ জানান, বেষ্টনী স্থাপনের স্থানে সিসিটিভি ক্যামেরা বসানো হবে, দিন-রাত আনসার ও নিরাপত্তা প্রহরী নিয়োজিত থাকবেন। এছাড়া অন্য কোনো পথ দিয়ে পাথর বের করা না যায়, সে জন্য পুলিশের টহল আরও জোরদার করা হবে।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




