জৈন্তাপুর ও কানাইঘাটে দেড় কোটি টাকার চো*রাই পণ্য জ*ব্দ
রবিবার, ২৪ মে ২০২৬, ০৩:৪৭ PM

জৈন্তাপুর ও কানাইঘাটে দেড় কোটি টাকার চো*রাই পণ্য জ*ব্দ

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ২০/১১/২০২৫ ০২:৩৯:৪০ PM

জৈন্তাপুর ও কানাইঘাটে দেড় কোটি টাকার চো*রাই পণ্য জ*ব্দ


সিলেটের জৈন্তাপুর ও কানাইঘাট সীমান্তে পৃথক অভিযান চালিয়ে প্রায় দেড় কোটি টাকার ভারতীয় জিরা, পেঁয়াজ, গরু ও নানা ধরনের চোরাচালানির পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়, বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সুরাইঘাট বিওপির একটি টহলদল কানাইঘাট পল্লী বিদ্যুৎ সমিতি সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ধানের তুষভর্তি একটি সন্দেহজনক ট্রাককে থামার সংকেত দিলে সেটি দ্রুত পালানোর চেষ্টা করে। বিজিবি সদস্যরা প্রায় আধা ঘণ্টা ধাওয়া করে কানাইঘাট–সিলেট সড়ক থেকে মালিকবিহীন অবস্থায় ট্রাকটি আটক করতে সক্ষম হন।

ট্রাকটি তল্লাশির সময় ধানের তুষের বস্তার নিচে কৌশলে লুকানো ৫ হাজার ৩৬৫ কেজি ভারতীয় জিরা পাওয়া যায়, ট্রাকসহ যার মোট সিজারমূল্য ১ কোটি ৩ লাখ ৬৫ হাজার টাকা। 

এ ছাড়া বুধবার (১৯ নভেম্বর) সুরাইঘাট, জৈন্তাপুর ও লালাখাল বিওপির টহলদল সীমান্তে পৃথক অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় জব্দ করে ৩ হাজার ৬০ কেজি ভারতীয় পেঁয়াজ, ১২০ কেজি জিরা, ২টি গরু, ২টি ইঞ্জিনচালিত কাঠের নৌকা ও ২টি পিকআপ। জব্দ করা এসব মালামালের সিজারমূল্য ৩৯ লাখ ৩৭ হাজার ২০০ টাকা।

সব মিলিয়ে দুইদিনের অভিযানে জব্দকৃত মালামালের সর্বমোট মূল্য দাঁড়িয়েছে ১ কোটি ৪৩ লাখ ২ হাজার ২০০ টাকা।

এ বিষয়ে জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার, পিএসসি জানান, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করতে বিজিবির গোয়েন্দা কার্যক্রম এবং চোরাচালানবিরোধী অভিযান আরও জোরদার করা হয়েছে। জব্দকৃত সব মালামাল কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। সীমান্তে অবৈধ পণ্য পাচার রোধে বিজিবির অভিযান ধারাবাহিকভাবে চলবে।

জৈন্তা বার্তা/আরআর