ছবি:সংগৃহীত
গোলাপগঞ্জ, বিয়ানীবাজার ও বড়লেখার হাজারো মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের সমাধানে উদ্যোগ নিয়েছেন সিলেট-৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী। তিন বছর ধরে অচল মুঘল আমলের ঐতিহ্যবাহী ‘দেওয়ানের পুল’ পরিদর্শন করে তিনি ঘোষণা দেন-ডিসেম্বরের মধ্যেই অস্থায়ী সংস্কার করে সেতুটি যান চলাচলের উপযোগী করা হবে।
মুঘল আমলের সেতু ভেঙে অচল-৩ বছরের ভোগান্তি
লক্ষিপাশা ইউনিয়নের দেওয়ানের সড়কে অবস্থিত ‘দেওয়ানের পুল’ ২০২২ সালে বড় করার উদ্যোগে ভাঙা শুরু করে এলজিইডি। তবে স্থানীয়দের প্রতিবাদে কাজ বন্ধ হয়ে যায়। অন্যদিকে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে পড়ে।
একবার টেন্ডার হলেও জমি না পাওয়া স্থগিত হয় প্রকল্পটি। তিন বছর ধরে দুই পাড়ের কয়েক হাজার মানুষ চরম দুর্ভোগে রয়েছেন।
এমরান চৌধুরীর দ্রুত সংস্কারের উদ্যোগ
বৃহস্পতিবার দুপুরে সেতুটি পরিদর্শনে গিয়ে অ্যাডভোকেট এমরান চৌধুরী বলেন-
‘ভাঙার পর ৩ বছরেও সংস্কারের উদ্যোগ নেওয়া হয়নি-এটি অত্যন্ত দুঃখজনক। এলজিইডির নির্বাহী প্রকৌশলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং জেলা প্রশাসকের সঙ্গে কথা হয়েছে। ডিসেম্বরের মধ্যেই অস্থায়ী সংস্কারে যান চলাচল স্বাভাবিক হবে।’
তিনি আরও বলেন, পরবর্তীতে জমি অধিগ্রহণের মাধ্যমে সেতুটি আধুনিক সেতুতে রূপান্তর করা হবে। স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা এ উদ্যোগকে প্রশংসার সঙ্গে স্বাগত জানান।
লক্ষিপাশায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
এদিন সকাল ১১টায় লক্ষিপাশার জগজাফ (পশ্চিমপাড়া) গ্রামের আক্তার হোসেনের বাড়িতে সাদাকাহ এইড ফাউন্ডেশনের উদ্যোগে প্রায় ৫০০ গরিব, অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ করেন অ্যাডভোকেট এমরান চৌধুরী।
অনুষ্ঠানে তিনি বলেন-‘গরিব-অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের সবার নৈতিক দায়িত্ব। বিএনপি ক্ষমতায় এলে বঞ্চিত মানুষের অন্ন, বস্ত্র, শিক্ষা, আবাসন ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আক্তার হোসেন পরিচালনা করেন জাসাস ২২ নং ওয়ার্ডের আহবায়ক অলি হোসেন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-গোলাপগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক লায়েছ আহমদ, লক্ষিপাশা ইউনিয়ন বিএনপির সহসভাপতি মোহাম্মদ জামিল আহমদ, মিজানুর রহমান নবিদ, সাগর আহমদ মনসুর, তারেক আহমদ মেম্বার, বুলবুল আহমদসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




