শাকসুর খসড়া তালিকা প্রকাশ, নির্বাচনে ক*ঠোর আচ*রণবিধি
রবিবার, ২৪ মে ২০২৬, ০২:৪৮ PM

শাকসুর খসড়া তালিকা প্রকাশ, নির্বাচনে ক*ঠোর আচ*রণবিধি

ইমরান হোসেন রানা, শাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ২০/১১/২০২৫ ১১:১৭:২৯ PM

শাকসুর খসড়া তালিকা প্রকাশ, নির্বাচনে ক*ঠোর আচ*রণবিধি

ছবি:সংগৃহীত


শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শাকসু ও হল সংসদ নির্বাচন-২০২৫ এর তফসিল অনুযায়ী অদ্য বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫ তারিখে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশন জানায়, তালিকাটি শাকসুর ওয়েবসাইটে (sucsu.sust.edu.bd/page/3) এবং সংশ্লিষ্ট আবাসিক হলের নোটিশ বোর্ডে দেখা যাবে। খসড়া ভোটার তালিকা নিয়ে আপত্তি থাকলে তা তফসিলে উল্লেখিত সময়সীমার মধ্যে সংশ্লিষ্ট হল কর্তৃপক্ষকে জানাতে বলা হয়েছে।

নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে নির্বাচন কমিশন বেশ কিছু কঠোর নির্দেশনা দিয়েছে। কোনো প্রার্থী বা তার পক্ষে কেউ সরাসরি বা পরোক্ষভাবে কোনো ধরনের অনুদান, চাঁদা বা আর্থিক লেনদেন করতে পারবেন না। নির্বাচনী প্রচারকাল কিংবা ভোটের দিনে ভোটারদের জন্য খাদ্য বা পানীয় পরিবেশন নিষিদ্ধ। একইভাবে ভোটার বা অন্য কারো জন্য কোনো উপঢৌকন বা বকশিস দেওয়াও যাবে না। প্রচারণার উদ্দেশ্যে প্রার্থীর ছবি, প্রতীক বা স্লোগানসংবলিত কোনো পোশাক যেমন টি-শার্ট, শট ক্যাপ, জ্যাকেট, ফতুয়া বা এ ধরনের কিছু ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

ব্যক্তি বা সংগঠনকে লক্ষ্য করে আক্রমণাত্মক বা অপপ্রচারমূলক বক্তব্য দেওয়া, গুজব ছড়ানো বা লিঙ্গ, ধর্ম কিংবা সাম্প্রদায়িক অনুভূতিতে আঘাত লাগে এমন কোনো বক্তব্য প্রচার করাও নিষিদ্ধ। এসব অভিযোগ প্রমাণসহ প্রধান নির্বাচন কমিশনারের কাছে জমা দেওয়া যাবে, এবং প্রমাণিত হলে কমিশন শাস্তিমূলক ব্যবস্থা নেবে বলে জানানো হয়েছে।

নির্বাচনকে ঘিরে বিশ্ববিদ্যালয় প্রশাসন পুরো ক্যাম্পাসের শিক্ষার্থীদের জন্য আলাদা নির্দেশনাও দিয়েছে। নির্ধারিত সময়ের পর ক্যাম্পাসের বাইরে অবস্থান করা যাবে না। বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে কোনো ধরনের রাজনৈতিক মিছিল বা শোরগোল করা যাবে না। অনুমতি ছাড়া বহিরাগত কাউকে ক্যাম্পাসের ভেতরে প্রবেশ করানো নিষিদ্ধ। জরুরি প্রয়োজন ছাড়া রাতে অযথা ক্যাম্পাসের করিডোর বা খোলা স্থানে ঘোরাফেরা না করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি নির্বাচনী আচরণবিধির কোনো ধরনের লঙ্ঘন না করার জন্য বিশেষভাবে সতর্ক করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন ও নির্বাচন কমিশন বলেন, শাকসু নির্বাচন-২০২৫ শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে আয়োজনের জন্য শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনাগুলো মেনে চলতে হবে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ