সিলেট শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক হলেন অধ্যাপক নজরুল
রবিবার, ২৪ মে ২০২৬, ০২:৪৭ PM

সিলেট শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক হলেন অধ্যাপক নজরুল

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২১/১১/২০২৫ ০৫:০১:৩২ PM

সিলেট শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক হলেন অধ্যাপক নজরুল

সংগৃহিত


সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক হিসেবে নিয়োগ পেয়েছেন সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক শেখ মো. নজরুল ইসলাম।

বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি কলেজ-২ শাখার উপসচিব তানিয়া ফেরদৌস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে এই পদে পদায়ন করা হয়।

দীর্ঘ ২০ বছর ধরে এমসি কলেজে শিক্ষকতায় নিয়োজিত শেখ মো. নজরুল ইসলাম ২৪তম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের একজন কর্মকর্তা। ২০০৫ সালের ২ জুলাই তিনি এমসি কলেজে প্রভাষক হিসেবে যোগদানের মাধ্যমে শিক্ষকতা জীবন শুরু করেন। পরবর্তীতে ২০১২ সালে সহকারী অধ্যাপক এবং ২০২১ সালের ৩ জুলাই সহযোগী অধ্যাপক হিসেবে পদোন্নতি লাভ করেন। তিনি এমসি কলেজের শিক্ষার্থী ছিলেন এবং পরবর্তীতে সেই কলেজেই দীর্ঘ দুই দশক শিক্ষকতা করেছেন। এছাড়া তিনি এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করছেন।

সুনামগঞ্জের দিরাই উপজেলার রায়বাঙালী গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন শেখ মো. নজরুল ইসলাম। শিক্ষাজীবনে তিনি এমসি কলেজ, জাতীয় বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেছেন।

পেশাগত জীবনে তিনি বাংলা বিভাগে পাঠদানের পাশাপাশি আইসিটি ও সৃজনশীল প্রশ্নপদ্ধতির ‘মাস্টার ট্রেইনার’ হিসেবে সুনাম কুড়িয়েছেন। তিনি শিক্ষা কারিকুলাম, আইসিটি এবং এনসিটিবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে উচ্চশিক্ষার জন্য দেশ-বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণ করেছেন। এর মধ্যে ভারতের নয়াদিল্লিতে ‘ট্রেইন দ্য ট্রেইনার’ প্রোগ্রামে আইসিটির ওপর বিশেষ প্রশিক্ষণ অন্যতম।

বহুমুখী প্রতিভার অধিকারী এই শিক্ষাবিদ কলেজ এডুকেশন ডেভেলপমেন্ট প্রজেক্টের (সিইডিপি) অধীনে আইসিটির মাস্টার ট্রেইনার এবং বাংলাদেশ সরকারের ‘লার্নিং অ্যান্ড আর্নিং’ প্রজেক্টে প্রশিক্ষক হিসেবে কাজ করেছেন। এছাড়াও তিনি এমসি কলেজ রোভার স্কাউটের রোভার স্কাউট লিডার (আরএসএল) এবং বিজ্ঞান ক্লাবের উপদেষ্টা হিসেবেও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন। টিচার্স ট্রেনিং কলেজে বিএড ও শিক্ষক প্রশিক্ষণ কোর্সেও তিনি নিয়মিত প্রশিক্ষক ছিলেন।

নতুন দায়িত্ব প্রাপ্তির বিষয়ে শেখ মো. নজরুল ইসলাম বলেন, ‘আলহামদুলিল্লাহ। আমি মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। দীর্ঘদিন ধরে পাঠদানের পাশাপাশি শিক্ষা সংক্রান্ত বিভিন্ন দায়িত্ব পালন করে আসছি। আমার ওপর অর্পিত নতুন এই দায়িত্ব আমি নিষ্ঠার সাথে পালনের চেষ্টা করব। এ জন্য আমি সকলের সহযোগিতা কামনা করি।’

জৈন্তাবার্তা / সুলতানা