ছবি:সংগৃহীত
সিলেট-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও দলের চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ‘মাদক, জুয়া ও তীর খেলার ছোবল শুধু তরুণ সমাজকে নষ্ট করছে না, অনেক পরিবারে সৃষ্টি করছে ভয়াবহ কলহ। সিলেট ওলি-আউলিয়ার পবিত্র ভুমি-এখানে মাদক ও অসামাজিকতা চলতে দেব না।’
শুক্রবার (২১ নভেম্বর) বিকেল এবং বৃহস্পতিবার রাতে সিলেট মহানগর ও সদর উপজেলায় পৃথক সভা ও উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।
মুক্তাদির বলেন, বিএনপি সরকার ক্ষমতায় এলে অতীতের মতোই মাদক নির্মূলে কঠোরতম অবস্থান নেওয়া হবে।
তিনি জানান, মানুষের ঘরে ঘরে গিয়ে তারা প্রাপ্তি-অপ্রাপ্তির কথা শুনছেন। ‘যেখানেই যাচ্ছি, শুধু মানুষের দাবি-এর মধ্য দিয়েই প্রমাণ হয় আওয়ামী লীগের ‘উন্নয়ন’ ছিল কেবল গল্প। প্রকৃতপক্ষে তারা উন্নয়নের নামে লুটপাটে ব্যস্ত ছিল।’
তিনি আরও বলেন, ‘তারেক রহমানের নেতৃত্বে টেকসই অবকাঠামো উন্নয়নের পরিকল্পনা ইতোমধ্যে হাতে নেওয়া হয়েছে। উন্নয়নের বাস্তব রূপ দেখতে চাইলে ধানের শীষকে বিজয়ী করতে হবে।’
ধানের শীষের পক্ষে শহরে প্রচার মিছিল
শুক্রবার বাদ আসর সিলেট জেলা ও মহানগর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ধানের শীষের পক্ষে বিশাল প্রচার মিছিল বের করা হয়।
মিছিল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আম্বরখানা পয়েন্টে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে সভাপতির বক্তব্যে জেলা বিএনপির সাবেক সদস্য ও ছাত্রদলের সাবেক সহসভাপতি চৌধুরী মোহাম্মদ সোহেল বলেন-‘সিলেটবাসীর আশা-আকাঙ্ক্ষার প্রতীক ধানের শীষ। খন্দকার মুক্তাদিরই পারেন মানুষের অধিকার ফিরিয়ে দিতে। গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যের বিকল্প নেই।’
তিনি আরও বলেন-‘সিলেট-১ আসনের মানুষ পরিবর্তন চায়। সেই পরিবর্তনের দায়িত্ব মাঠে প্রমাণ করতে হবে। বাধা উপেক্ষা করে ঘরে ঘরে ধানের শীষের প্রচারণা জোরদার করতে হবে।’
এতে বিভিন্ন অঙ্গসংগঠনের শতাধিক নেতা-কর্মী অংশ নেন।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




