ছবি:সংগৃহীত
সিলেট-৪ আসনে স্থানীয় যোগ্য প্রার্থীই এ অঞ্চলের মানুষের প্রকৃত প্রতিনিধি হতে পারেন উল্লেখ করে যুক্তরাজ্যের অক্সফোর্ড সিটির কাউন্সিলর ও বিশিষ্ট রাজনীতিবিদ হাফেজ আবদুল মুবিন বলেছেন-‘এই অঞ্চলের লাখো মানুষের সুখ–দুঃখ, বঞ্চনা–আকাঙ্ক্ষা বোঝেন সেই নেতা, যিনি এ মৃত্তিকারই সন্তান। বহিরাগত কাউকে চাপিয়ে দিলে মানুষের অধিকার সুরক্ষিত থাকবে এমন নিশ্চয়তা নেই।’
১৮ নভেম্বর সৌদি আরবের মক্কা নগরীর কাকিয়া এলাকায় সিলেট-৪ আসনে স্থানীয় প্রার্থী মনোনয়নের দাবিতে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
সভায় সভাপতিত্ব করেন মক্কার ব্যবসায়ী ফয়সল আহমদ।
কাউন্সিলর আবদুল মুবিন বলেন,‘এ অঞ্চলের মানুষ উন্নয়ন বঞ্চনার শিকার। খনিজ সম্পদে সমৃদ্ধ এ জনপদের ন্যায্য অধিকার আদায়ে স্থানীয় প্রতিনিধি ছাড়া কেউ প্রকৃত লড়াই করতে পারবেন না।’
তিনি বলেন,‘একুশ শতকের এই সময়ে এসে কেন্দ্র থেকে বহিরাগত নেতৃত্ব চাপিয়ে দিলে প্রান্তিক মানুষের স্বার্থ রক্ষা বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা থেকেই যায়।’
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন-মক্কার ক্লক টাওয়ারের ব্যবসায়ী হাফেজ হাবিব, সিলেটের সিনিয়র সাংবাদিক শাব্বির আহমদ, মাহমুদুল হাসান, আলী হায়দার, বদরুল ইসলাম, রাইয়ান আহমদ, ইকবাল হাসান, আবদুল আলী প্রমুখ।
বক্তারা বলেন,‘সিলেট-৪ আসনের মানুষের বঞ্চনার ইতিহাস দীর্ঘ। এই অঞ্চলের খনিজ সম্পদ দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করেছে, কিন্তু এলাকার মানুষ ন্যায্য সুবিধা পায়নি। তাই স্থানীয় যোগ্য নেতৃত্বই পারে এ বঞ্চনার প্রতিকার করতে।’
বক্তারা প্রধান রাজনৈতিক দলের নীতি-নির্ধারকদের প্রতি আহ্বান জানান-‘সিলেট-৪ আসনে স্থানীয় প্রার্থী মনোনয়ন দিয়ে জনগণের দীর্ঘদিনের দাবি বাস্তবায়ন করতে হবে।’
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




