ছবি:সংগৃহীত
সামাজিক উন্নয়ন, মানবসেবা ও স্বেচ্ছাশ্রমে বিশেষ অবদান রাখায় বিশ্বনাথ উপজেলার অলংকারী ইউনিয়নের টেংরা গ্রামে ছয়জন গুণী ব্যক্তিসহ দুইটি সামাজিক সংগঠনকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
শুক্রবার (২১ নভেম্বর) সন্ধ্যায় টেংরা গ্রামের খান ফাউন্ডেশনের পরিচালক ও টেংরা লতিফিয়া ইসলামী সুন্নি সমাজ কল্যাণ সংস্থার সভাপতি জাহেদ খান-এর বাড়িতে এ বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
টেংরা লতিফিয়া ইসলামী সুন্নি সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল হামিদ–এর সঞ্চালনায় এবং অলংকারী ইউনিয়ন পরিষদের সদস্য শামীম আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে যে ছয়জন ব্যক্তিত্বকে সংবর্ধনা দেওয়া হয় তাঁরা হলেন- যুক্তরাজ্য প্রবাসী আব্দুল হান্নান উরপি মিয়া, বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. শাহিন উদ্দিন, প্রবীণ শিক্ষক ও সমাজসেবক, শালিস ব্যক্তিত্বসহ আরও কয়েকজন।
এছাড়া দুটি সংগঠন- ,টেংরা তাফসিরুল কুরআন পরিষদ, লতিফিয়া ইসলামী সুন্নি সমাজ কল্যাণ সংস্থা কেও সম্মাননা প্রদান করা হয়।
সংবর্ধনার আয়োজন করে মজিদ আমপল্লী এন্ড এগ্রো পার্ক টেংরা এবং পার্কের স্বত্বাধিকারী যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবক বশির উদ্দিন।
দুটি সংগঠনই দীর্ঘদিন ধরে এলাকার আর্তমানবতার সেবা, সামাজিক উন্নয়ন এবং স্বেচ্ছাশ্রমমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। প্রবাসী হয়েও গ্রামের উন্নয়নে কাজ করায় আয়োজকরা এ সংবর্ধনার আয়োজন করে।
গ্রামের শতশত মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, গুণীজনকে সম্মানিত করার এই উদ্যোগ সমাজে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে। ভবিষ্যতে অন্যান্য ক্ষেত্রে অবদান রাখা ব্যক্তিদেরও যেন এভাবে সম্মাননা দেওয়া হয়-এমন প্রত্যাশা জানান তারা।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন নাদিম আহমদ।
অনুষ্ঠান শেষে সংবর্ধিত অতিথিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




