সিলেটের বালাগঞ্জ উপজেলায় পিকআপের ধাক্কায় প্রাণ গেছে প্রদীপ দাস (৫০) নামের এক ব্যবসায়ীর। তার বাড়ি বালাগঞ্জ উপজেলার বোয়ালজুড় ইউনিয়নের বড়চর ইলাসপুর গ্রামে। তিনি স্থানীয় ইলাসপুর বাজারের ব্যবসায়ী এবং দুই পুত্র ও এক কন্যাসন্তানের জনক।
জানা গেছে, শুক্রবার (২১ নভেম্বর) বেলা ১১টার দিকে স্থানীয় নূরপুর-ইসলামপুর সড়কে প্রদীপ দাসকে পেছন থেকে একটি পিকআপ ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে তাজপুরস্থ একটি হাসপাতাল এবং পরে সিলেট নর্থইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ছোটভাই বালাগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব অমল দাস আপন জানিয়েছেন, তার বড়ভাই প্রদীপ দাস সকালে স্থানীয় ক্ষেতের ধান দেখতে গিয়েছিলেন। এ সময় একটি পিকআপ পেছন থেকে তার ভাইকে ধাক্কা দেয় এবং এতে তার মৃত্যু হয়।
তিনি জানান, তাদের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতিক্রমে বিনা ময়নাতদন্তে প্রদীপ দাসের শেষকৃত্য সম্পন্ন হয়েছে।
বালাগঞ্জ থানার ওসি (তদন্ত) ফয়েজ আহমদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঊধ্বর্তন কর্তৃপক্ষের অনুমতিক্রমে বিনা ময়নাতদন্তে মৃতের শেষকৃত্য শুক্রবার (২১ নভেম্বর) সন্ধ্যায় সম্পন্ন হয়েছে।
জৈন্তা বার্তা/আরআর




