সিলেটের শাহপরান (রহ.) থানার পুলিশের অভিযানে প্রায় পাঁচ লাখ টাকার ভারতীয় পেঁয়াজ ও একটি ট্রাকসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। পুলিশ বলছে, পেঁয়াজগুলো ভারত থেকে অবৈধভাবে আনা হয়েছিল এবং এগুলোর মালিকানার বিষয়ে কোনো বৈধ কাগজপত্র পাওয়া যায়নি।
শুক্রবার বিকেল ৪টার দিকে শাহপরান (রহ.) থানার এসআই প্রণজিৎ মণ্ডলের নেতৃত্বে একটি টহলদল বটেশ্বর এলাকায় সিনেমা হলের বিপরীতে আই বি কমপ্লেক্স ভবনের সামনে অভিযান পরিচালনা করে। এ সময় ৫ হাজার ৯০০ কেজি ভারতীয় পেঁয়াজ বহনকারী একটি ট্রাকসহ ইমান আলী (৪০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি জামালপুর জেলার ইসলামপুর থানার মারাকান্দি এলাকার বাসিন্দা।
অভিযান শেষে পুলিশ ট্রাকসহ পেঁয়াজ জব্দ করে। জব্দকৃত পেঁয়াজের মূল্য ৫ লক্ষ ১ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে পুলিশ।
এসএমপি'র এডিসি মিডিয়া (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, অভিযানের ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা নেওয়া হয়েছে এবং আটক ব্যক্তিকে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।
জৈন্তা বার্তা/আরআর




