ছবি:সংগৃহীত
সিলেটের বিয়ানীবাজার সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় জিরা জব্দ করেছে বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি)। শনিবার (২২ নভেম্বর) দুপুরে পরিচালিত এ অভিযানে ৫ হাজার ৪৪৫ কেজি ভারতীয় জিরা জব্দ করা হয়। বিজিবি জানায়, জব্দকৃত জিরা মালিকবিহীন অবস্থায় পাওয়া গেছে এবং কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে (৫২ বিজিবি)–এর অতিরিক্ত পরিচালক (ভারপ্রাপ্ত অধিনায়ক) মেজর সৈয়দ ইশতিয়াক মুর্শেদের নেতৃত্বে একটি বিশেষ টহল দল বিয়ানীবাজার ব্যাটালিয়ন সদর থেকে অভিযান শুরু করে। পরে সীমান্ত থেকে প্রায় ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে সিলেট–বিয়ানীবাজার আঞ্চলিক মহাসড়কের শেওলা সেতু এলাকায় এ বিপুল পরিমাণ ভারতীয় জিরা উদ্ধার করা হয়।
বিজিবির হিসাবে, জব্দকৃত জিরার সিজার মূল্য ৮১,৬৭,৫০০ টাকা (একাশি লক্ষ সাতষট্টি হাজার পাঁচশত)।
বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি)-এর অতিরিক্ত পরিচালক (ভারপ্রাপ্ত অধিনায়ক) মেজর সৈয়দ ইশতিয়াক মুর্শেদ বলেন, সীমান্ত এলাকায় গোয়েন্দা তৎপরতা, অপরাধ দমন ও চোরাচালান বিরোধী কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। জব্দকৃত মালামাল কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




