বিএনপি ক্ষমতায় গেলে কারিগরি শিক্ষায় নতুন দিগন্ত উন্মোচন করা হবে- খন্দকার মুক্তাদির
রবিবার, ২৪ মে ২০২৬, ০১:৪২ PM

ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এসোসিয়েশন অব বাংলাদেশ সিলেট জেলা ও মহানগরের উদ্যোগে মতবিনিময়

বিএনপি ক্ষমতায় গেলে কারিগরি শিক্ষায় নতুন দিগন্ত উন্মোচন করা হবে- খন্দকার মুক্তাদির

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২২/১১/২০২৫ ০৮:৫৩:১৬ PM

বিএনপি ক্ষমতায় গেলে কারিগরি শিক্ষায় নতুন দিগন্ত উন্মোচন করা হবে- খন্দকার মুক্তাদির

ছবি:সংগৃহীত


সিলেট-০১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও দলের চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, কর্মমুখী ও কারিগরি শিক্ষায় শিক্ষিত জনগোষ্ঠীই দেশের আর্থসামাজিক উন্নয়নের পথ খুলে দিতে পারে। শনিবার (২২ নভেম্বর) সিলেটে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এসোসিয়েশন অব বাংলাদেশ সিলেট জেলা ও মহানগরের উদ্যোগে শনিবার দুপুরে নগরের একটি হলে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন খন্দকার আব্দুল মুক্তাদির। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহবায়ক প্রকৌশলী মো. ফরিদ মিয়া এবং পরিচালনা করেন সদস্য সচিব প্রকৌশলী মো. আবুজর গউছ।

প্রধান অতিথির বক্তব্যে খন্দকার মুক্তাদির বলেন, ‘এই দেশের বিশাল জনগোষ্ঠীকে কর্মমুখী শিক্ষায় শিক্ষিত করতেই হবে। চীন কারিগরি শিক্ষার মাধ্যমে উন্নয়নের বিপ্লব ঘটিয়েছে বাংলাদেশকেও সেই পথেই এগোতে হবে।’

তিনি উল্লেখ করেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের স্বীকৃতি দেন এবং বেগম খালেদা জিয়া তাঁদের ১০ম গ্রেড বাস্তবায়ন করেন।
বিগত ১৫ বছরে আওয়ামী লীগ দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে দাবি করে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী করা হবে এবং কারিগরি শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে, যাতে তরুণ প্রজন্মের বেকারত্ব হ্রাস পায়।

সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- প্রফেসর ডা. মোজাম্মেল হোসেন, প্রফেসর ডা. শাহনেওয়াজ চৌধুরী,, অধ্যক্ষ মো. নিজাম উদ্দিন তরফদার, অধ্যাপক ফরিদ আহমদ,আইডিবির সাবেক সভাপতি নজরুল ইসলাম, ইঞ্জিনিয়ার মশিউর রহমান প্রমুখ।

মতবিনিময় সভায় খন্দকার মুক্তাদির আরও বলেন, ‘সাধারণ শিক্ষায় শুধু ডিগ্রি অর্জন করে চাকরি পাওয়া এখন খুবই কঠিন। তরুণদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতেই হবে। বিএনপি সরকার ক্ষমতায় গেলে কারিগরি শিক্ষায় নতুন দিগন্ত উন্মোচন করা হবে।’

বক্তারা বলেন, সিলেটসহ সারাদেশ এখনো সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের উন্নয়ন স্মরণ করে। খন্দকার মুক্তাদির বিজয়ী হলে সিলেটবাসী নতুন কিছু উন্নয়ন উপহার পাবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

এদিকে শনিবার ভোরে সোবহানীঘাটের কাঁচা বাজারে গণসংযোগ করেন খন্দকার মুক্তাদির। সেখানে তিনি বলেন, ‘প্রবাসী অধ্যুষিত সিলেটে সাধারণ মানুষের কাজের সুযোগ কম। ক্ষমতায় যেতে পারলে স্বল্প ও দীর্ঘমেয়াদী কর্মসংস্থানের ব্যবস্থা করাই আমাদের অন্যতম অঙ্গীকার।’ তিনি ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করার আহ্বান জানান।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ