ছবি:সংগৃহীত
তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে শনিবার (২২ নভেম্বর) সিলেটে পরিবেশ অধিদপ্তর ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় এনভায়রনমেন্টাল ক্লাবের যৌথ উদ্যোগে প্লাস্টিকের বিকল্প পণ্যের প্রদর্শনী ও যুব-উদ্যোক্তা সমাবেশ অনুষ্ঠিত হয়। দিনব্যাপী আয়োজিত প্রদর্শনীতে ২২টি স্টলে পরিবেশবান্ধব বিভিন্ন উদ্ভাবনী পণ্য প্রদর্শন করেন তরুণ উদ্যোক্তারা। প্রদর্শনী চলে সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত।
সমাবেশের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক মোঃ সারওয়ার আলম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোঃ ফেরদৌস আনোয়ার এবং সঞ্চালনা করেন সহকারী পরিচালক মোঃ আফজারুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন,‘প্লাস্টিক দূষণ রোধ করতে হলে প্লাস্টিকের বিকল্প পণ্যের বাজার দ্রুত বৃদ্ধি করতে হবে। তরুণ উদ্যোক্তাদের উদ্ভাবনী উদ্যোগ ভবিষ্যতে পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
সকাল ১১টায় প্রধান অতিথি প্রদর্শনীর উদ্বোধন করেন এবং বিভিন্ন স্টল পরিদর্শন করে উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি পরিবেশবান্ধব পণ্যের মান, বাজার সম্ভাবনা ও প্লাস্টিক নির্ভরতা কমাতে করণীয় বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।
আয়োজকদের পক্ষ থেকে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় এনভায়রনমেন্টাল ক্লাবের প্রধান নির্বাহী সাফকাত তাসিন বলেন,
‘এই মেলায় আমরা চেষ্টা করেছি সম্পূর্ণভাবে প্লাস্টিকবর্জিত পরিবেশ তৈরি করতে। প্লাস্টিকের ব্যবহার কমিয়ে একটি টেকসই বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য।’
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




