বিজিবির সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ও রবিবার সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী বিভিন্ন স্থানে ধারাবাহিক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাচালানীর পণ্য জব্দ করেছে। এ সময় ইয়াবাসহ একজনকে আটক করা হয়েছে।
বিজিবির দায়িত্বাধীন সংগ্রাম, বিছনাকান্দি, কালাইরাগ, সোনালীচেলা ও বাংলাবাজার বিওপি এলাকায় পরিচালিত এসব অভিযানে ভারতীয় মহিষ, গরু, পেঁয়াজ, বিড়ি, কম্বল, বিভিন্ন ধরনের ফল, পাথর উত্তোলনকারী নৌকা এবং বাংলাদেশ থেকে পাচারকালে শিং মাছ, চোরাচালানীর পণ্য পরিবহনে ব্যবহৃত ট্রাক ও মোটরসাইকেলসহ বিভিন্ন পণ্য জব্দ করা হয়। একই সময়ে ইয়াবা ট্যাবলেটসহ একজনকে আটক করে বিজিবি।
এ ছাড়া শ্রীপুর বিওপির একটি বিশেষ টহলদল সেনাবাহিনীর সহায়তায় জৈন্তাপুর উপজেলার হরিপুর এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় সানগ্লাস, কিটক্যাট চকলেট ও এসব পণ্য পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করে।
বিজিবি জানায়, জব্দকৃত পণ্যের সিজারমূল্য প্রায় ৪ কোটি ৪ লাখ টাকা।
বিজিবির সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাজমুল হক জানান, বিধি মোতাবেক জব্দ মালামালগুলোর বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে এবং ইয়াবাসহ আটক ব্যক্তিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য থানায় হস্তান্তর করা হবে।
জৈন্তা বার্তা/আরআর




