শিক্ষার্থীদের দাবিতে শাকসু নির্বাচন পেছাল, নতুন তারিখ ২০ জানুয়ারি
রবিবার, ২৪ মে ২০২৬, ১২:৪২ PM

শিক্ষার্থীদের দাবিতে শাকসু নির্বাচন পেছাল, নতুন তারিখ ২০ জানুয়ারি

ইমরান হোসেন রানা, শাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ২৩/১১/২০২৫ ০৫:০৫:১৬ PM

শিক্ষার্থীদের দাবিতে শাকসু নির্বাচন পেছাল, নতুন তারিখ ২০ জানুয়ারি

সংগৃহিত


শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) বহুদিনের আলোচিত শাকসু নির্বাচন শিক্ষার্থীদের দাবির পর পিছিয়ে দেওয়া হয়েছে। বিভিন্ন ছাত্রসংগঠনের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা শেষে নতুন ভোটের তারিখ ঠিক করা হয়েছে আগামী ২০ জানুয়ারি ২০২৬।

রবিবার সকাল ১১টায় প্রশাসন ভবন–১ এর চতুর্থ তলায় বিশ্ববিদ্যালয় প্রশাসন, নির্বাচন কমিশন ও ছাত্রসংগঠনের নেতৃবৃন্দকে নিয়ে উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত সবাই শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে জানুয়ারিতে নির্বাচন করার পক্ষে মত দেন। পরে প্রশাসনের অনুমোদন নিয়ে নতুন তারিখের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, আগের ঘোষিত ১৭ ডিসেম্বরের তারিখ নিয়ে শিক্ষার্থীদের চারটি স্মারকলিপি জমা পড়ে। তাদের অভিযোগ ছিল শীতকালীন ছুটির ঠিক আগে ভোট হলে অনেকেই ক্যাম্পাসে থাকবে না, ফলে নির্বাচন অংশগ্রহণমূলক নাও হতে পারে। তাই জানুয়ারিতে ভোট আয়োজনের দাবি জানায় তারা।

অন্যদিকে ছাত্রশিবিরসহ কয়েকটি সংগঠন ১০ ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে আন্দোলন করলেও ছাত্রদলসহ অনেক সংগঠন দীর্ঘদিন ধরেই জানুয়ারিতে ভোটের কথা বলে আসছিল। সাম্প্রতিক দিনগুলোতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ফেসবুক গ্রুপেও ১৭ ডিসেম্বরের নির্বাচন বর্জনের আহ্বান দেখা যায়। শিক্ষার্থীরা যুক্তি দেন, শিক্ষাবর্ষের শেষ চাপ এবং ছুটির আগ মুহূর্তে ভোট আয়োজন তেমন কার্যকর হবে না।

সবশেষে অংশীজনদের আলোচনায় সম্মত হয়ে নতুন ভোটের তারিখ নির্ধারণ করা হয় ২০ জানুয়ারি।

জৈন্তাবার্তা / সুলতানা