ছবি:সংগৃহীত
সিলেট-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, তিনি জনপ্রতিনিধি হলে দলীয় ভিত্তিতে নয়, নাগরিকদের নিয়ে গঠিত কমিটির পরামর্শেই প্রতিটি উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করবেন। তিনি বলেন, ‘কসমেটিক উন্নয়ন নয়, কাজের গুণগত মান বজায় রেখে একটি সুন্দর সিলেট গড়ে তোলাই আমার প্রত্যয়।
রোববার (২৩ নভেম্বর) প্রচারণা ও গণসংযোগে তিনি মহানগর ও সদর উপজেলার বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন। এসময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তার সাথে যুক্ত হন।
মুক্তাদির জানান, সিলেট মহানগর ও সদর উপজেলার প্রতিটি ওয়ার্ডে দলীয় দৃষ্টিভঙ্গির বাইরে গিয়ে নাগরিক কমিটি গঠন করা হয়েছে-যেখানে সমাজের প্রতিনিধিত্বশীল ব্যক্তিদের রাখা হয়েছে। তিনি বলেন, ‘আমি নির্বাচিত হলে সবার মতামত নিয়েই উন্নয়ন করবো। রাষ্ট্রের টাকার স্বচ্ছ ব্যবহারে নাগরিক কমিটিকে যুক্ত রেখে প্রকল্প বাস্তবায়ন করা হবে।’
রোববার দুপুরে তিনি সুবিদবাজার, রিকাবীবাজারসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন, ব্যবসায়ী ও পথচারীদের লিফলেট বিতরণ করেন। রাস্তায় বসে সাধারণ মানুষের সমস্যাও শোনেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা ইসলাম উদ্দিন, মহানগর বিএনপির সহ-সভাপতি আমির হোসেন, জিয়াউল হক জিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হাকিম, আবুল কাশেমসহ স্থানীয় নেতৃবৃন্দ।
রবিবার সকাল ৯টায় তিনি খাদিমনগরের চা বাগানের রবিবারি বাজারে গণসংযোগ করেন। বিকেলে খাদিমনগর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের রংগীটিলা গ্রামে অনুষ্ঠিত মহিলা সমাবেশে বিপুল সংখ্যক নারী ভোটার অংশ নেন। তাঁদের বিভিন্ন সমস্যা শোনেন এবং সমাধানের আশ্বাস দেন মুক্তাদির।
তিনি আরও বলেন-‘আমি নির্বাচিত হলে দল নয়, মানুষের প্রতিনিধি হিসেবে কাজ করবো। সিলেটের উন্নয়ন হবে পরিকল্পিতভাবে ও স্বচ্ছতার সাথে। প্রতিটি ওয়ার্ডের নাগরিক কমিটির মতামত নিয়ে বাস্তবসম্মত উন্নয়ন পরিকল্পনা করা হবে।’
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




