ফাইল ছবি
সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপির ‘মনোনীত প্রার্থী’ আরিফুল হক চৌধুরী সনাতন পদ্ধতিতে পাথর উত্তোলনের বিষয়টিকে প্রাধান্য দিয়ে পর্যটন এলাকা হিসেবে গড়ে তোলার আশ্বাস দিয়েছেন। সোমবার সিলেট-৪ আসনের বিভিন্ন এলাকায় গণ সংযোগকালে তিনি এসব আশ্বাস দেন।
জৈন্তাপুর উপজেলায় নির্বাচনী জনসভায় আরিফ বলেন, পরিবেশের দোহাই দেওয়া আর চলবে না। এটা আর হতে দেয়া হবে না, আমাদের হিস্যা আমাদের বুঝিয়ে দিতে হবে। সনাতন পদ্ধতিতে পাথর উত্তোলনের অনুমতি দিতে হবে।
অন্যদিকে কোম্পানীগঞ্জ উপজেলার জনসভায় বলেন, কোম্পানীগঞ্জকে পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে পারলে এই এলাকায় শিল্প, কলকারখানা গড়ে উঠবে। ব্যাপক কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। তবে পরিবেশ রক্ষা করে সনাতন পদ্ধতিতে পাথর উত্তোলন করতে হবে। সনাতন পদ্বতিতে আমরা পাথর উত্তোলন করে এই এলাকা ও দেশের উন্নয়নে কাজে লাগাতে চাই।
এসময় তিনি আরও বলেন, প্রাকৃতিক সম্পদের এই এলাকার রাস্তাঘাট দেখে আমি হতভম্ব। এই যুগে রাস্তা-ঘাট, স্কুল, কলেজ, মাদ্রাসা, চিকিৎসা ব্যবস্থার এমন বেহাল অবস্থা মেনে নেয়া যায় না। বিএনপি সরকার গঠন করলে পাথর কোয়ারি খুলে দেয়া হবে। সুন্দর পরিবেশ রক্ষা করে সনাতন পদ্ধতিতে পাথর উত্তোলন করতে হবে। হাজার হাজার শ্রমিক, কর্মজীবি মানুষদের বেকার রেখে উন্নয়ন কিভাবে হয়?
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




