প্রতীকী ছবি
সিলেটে বিমানবন্দর সড়কে প্রাইভেটকার ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত ও ৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে।
দুর্ঘটনার পর স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় প্রাইভেটকারের যাত্রী মাহফুজ মিয়াকে (২২) উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়।
নিহত মাহফুজ মিয়া সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার পেছি শেওরা গ্রামের বকুল মিয়ার ছেলে। পুলিশ তার মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঈন উদ্দিন জানান, প্রাইভেটকারটি যাত্রীদের নিয়ে সিলেট বিমানবন্দরের দিকে যাচ্ছিল। ট্রাকটি সিলেট নগরীর দিকে আসার পথে মালনিছড়া চা-বাগান এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কারটি দুমড়ে-মুচড়ে যায়।
জৈন্তা বার্তা/আরআর




