ছবি:সংগৃহীত
সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, ‘সিলেটের ৬টি আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে আমরা ঘরে ঘরে গিয়ে কাজ করব ইনশাআল্লাহ।’
তিনি বলেন, বন্যা, খরা বা করোনা মহামারির মতো যে কোনো জাতীয় দুর্যোগে অতীতের মতো বিএনপি সবসময় জনগণের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলের বিজয় নিশ্চিত করতে তৃণমূল পর্যায়ে লাগাতার কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।
নেতাকর্মীদের উদ্দেশে কাইয়ুম চৌধুরী বলেন, ‘একজন সাধারণ কর্মী বা জেলা বিএনপির সভাপতি-যেকোনো পরিচয়েই আমি মাঠে থাকব। দেশনেতা তারেক রহমান যে রূপরেখা তুলে ধরেছেন, তা বাস্তবায়নে নিজেকে সম্পূর্ণভাবে নিয়োজিত রাখব।’
তিনি আরও বলেন, ‘জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে আমাদের ঐক্যই সবচেয়ে বড় শক্তি। আগামীতেও দলীয় কর্মসূচিতে আপনাদের সক্রিয় ভূমিকা অপরিহার্য।’
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় ফেঞ্চুগঞ্জের নুরপুরে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন জেলা বিএনপির সভাপতি। সভায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ওহিদুজ্জামান ছুফি চৌধুরী।
উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি এনায়েত হোসেন রুয়েল, ছাদিকুর রহমান টিপু, মো. সাহাদ মিয়া মেম্বার, যুগ্ম সম্পাদক জহিরুল ইসলাম তানিম, রুহুল আমিন, সহ-সাংগঠনিক সম্পাদক রাশেদুল হাসান চৌধুরী, প্রচার সম্পাদক দিনার আহমদ শাহ, ছাত্রবিষয়ক সম্পাদক মো. শাহিন আহমদ, সমবায় বিষয়ক সম্পাদক জয়ফুর রহমান পারভেজ, সদস্য মেহেদি হাসান রফি এবং অন্যান্য অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




